TMC counting strategy meeting: কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক, কাউন্টিংয়ে কোন রণকৌশল তৃণমূলের?
Kalighat Mamata Abhishek Meeting on Counting Strategy: শনিবার বিকাল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিতি থাকতে পারেন বলে খবর।

কলকাতা: দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের আগেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক। এদিন দুপুরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, রাজ্যজুড়ে স্ট্রংরুমের পরিস্থিতির উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিং ডে-র দিন নজরদারি, সবটার উপরেই এদিনই মমতা-অভিষেকের কথা হতে পারে বলে অনুমান। এদিকে শনিবারই কাউন্টিং এজেন্টদের বৈঠকে বসতে চলেছেন অভিষেক। তার আগে দলের সুপ্রিমোর থেকে কোনও নির্দিষ্ট নির্দেশ বা বার্তা আসে কিনা সেদিকে অবশ্যই তাকিয়ে তৃণমূল কর্মীরা।
এদিকে শনিবার বিকাল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিতি থাকতে পারেন বলে খবর। গণনার শেষলগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনও পরিস্থিতি যেন তাঁদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে। তবে এর আগেও ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক। কিন্তু গণনার আগে এটা যে একেবারে ‘লাস্ট মিনিট’ সাজেশন হতে চলেছে দলের সেকেন্ড ইন কমান্ডের তরফে তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, ভোট মিটতেই একাধিক জায়গায় হিংসার ছবি সামনে আসছে। এই অবস্থায় দলের কর্মী-সমর্থকদের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী, সমর্থকদের শান্ত ও সংযত থাকতে বললেন। মমতা বলেন, “ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই।” অন্যদিকে কলকাতাতে একাধিক জায়গায় স্ট্রংরুমের সামনে উত্তেজনার ছবি সামনে এসেছে। একেবারে মুখোমুখি সংঘাত দেখা গিয়েছে তৃণমূল-বিজেপিকে। আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা বলয়।
