
কলকাতা: গাড়ি তল্লাশি ইস্যুতে দিনভর চলল তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশন নাকি মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের বাদবাকি সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এমনকী সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর রুজিরার নাম আছে বলেও দাবি তৃণমূলের। পরে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর গাড়িও তল্লাশি করতে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী।
বুধবার দুপুরে এক সভা থেকে মমতা দাবি করেন, দমদম বিমানবন্দরের কাছে তাঁর গাড়ির পাশে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। মমতা জানিয়েছেন, তিনি গাড়ি থেকে বলে ওঠেন, “চেক করো চেক করো, আমার গাড়িও চেক কর।” তবে তল্লাশির উদ্দেশে কেন্দ্রীয় বাহিনী তাঁর গাড়ির কাছে এসেছিল কি না, তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমাদের কাছে কোনও খবর নেই। কোনও ভিভিআইপি-র গাড়ি চেক করা হলে, সেই খবর আমাদের কাছে আসে না। আমি তেমন কিছু শুনিনি। তিনি আরও জানান, এদিন ওয়েবকাস্টিং নিয়ে অফিসারদের বৈঠক করেছেন তিনি, সেখানেও সিপি, ডিজি উপস্থিত থাকলেও কেউ এ ব্যাপারে কিছু বলেনি।
তৃণমূলের অভিযোগ, দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর জন্য হোয়াট্সঅ্যাপে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে কমিশনে অভিযোগও জানিয়েছে তৃণমূল। দলের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সিইও মনোজ আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের শাসকদলের অভিযোগ, হোয়াট্সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেয় কমিশন।