Mamata Banerjee: ‘যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন’, বিদ্রোহীদের একাংশকে বার্তা মমতার, নাম না করে ঋতব্রতকে ‘বিশ্বাসঘাতক’ আক্রমণ তৃণমূল নেত্রীর
Mamata Banerjee attacks Ritabrata: বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ তাঁদের জীবনের দামে, তাঁদের ত্যাগের দামে যাঁরা বিজয়ী হয়েছেন, বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তাঁরা শুধু নিজেদের ও নিজেদের পরিবার বাঁচার জন্য নাম লেখাচ্ছেন অন্য দলে।"

কলকাতা: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বেইমান বলে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর বার্তা, বিশ্বাসঘাতকার কোনও ক্ষমা নেই। ভোটে ভরাডুবির পর তৃণমূল নেতাদের উল্টো সুর বারবার অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে। তারপর সই জালিয়াতি কাণ্ড, ঋতব্রতদের নতুন তৃণমূল ব্লক গঠন, সংসদীয় রাজনীতিতে ভাঙন…যখন একের পর এক ঘটনা ঘটে চলেছে, সেইসময় কিন্তু প্রকাশ্যে এই নিয়ে সেভাবে মন্তব্য করতে দেখা যায়নি মমতাকে। তবে, এবার কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। একইসঙ্গে নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলেও তীব্র আক্রমণ করেন মমতা।
বিদ্রোহী বিধায়কদের কড়া আক্রমণ
বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ তাঁদের জীবনের দামে, তাঁদের ত্যাগের দামে যাঁরা বিজয়ী হয়েছেন, বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তাঁরা শুধু নিজেদের ও নিজেদের পরিবার বাঁচার জন্য নাম লেখাচ্ছেন অন্য দলে। বিশ্বাসঘাতকদের কোনও ক্ষমা নেই। আগামীদিন জনগণ কৈফয়ৎ চাইবে।”
এরপরই নাম না করে ঋতব্রতকে আক্রমণ করে বলেন, “বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা কাজ ভাল করেছিল। এটাকে বহিষ্কার করেছিল।”
ফিরে আসার বার্তা
বিদ্রোহী বিধায়ক, সাংসদের একাংশকে ফিরে আসার বার্তাও দিয়েছেন তিনি। মমতা বলেন, “কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?…যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। আর যাঁরা ভাবছেন এই ভাবে চলবেন, তাঁরা কিন্তু না ঘর কা না ঘাট কা হয়ে থাকবেন।” কোন বিদ্রোহী বিধায়ক-সাংসদদের বার্তা দিতে চাইলেন মমতা? সেই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
