
ভাঙড়: ভাঙড়ে বড় জয় পেল তৃণমূল। ছাব্বিশের ভোটের ঠিক আগে-আগে আইএসএফের (ISF) অঞ্চল সহ সভাপতি সহ একাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। শনিবার ভাঙড়ের হাতিশালা এলাকায় প্রায় ৫০ জন আইএসএফ সমর্থক যোগ দেন তৃণমূলে।
জানা যাচ্ছে, এরা প্রত্যেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার হাত ধরে যোগদান করেন ঘাসফুল শিবিরে। তবে শুধু আইএসএফ নয়, একাংশ সিপিএম কর্মীরাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এদিন বেঁওতা দুই গ্রাম পঞ্চায়েতের আইএসএফের সহ সভাপতি ইসলাম মোল্লা সহ তাঁর অনুগামীরা যোগদান করে বলেন, তৃণমূলের উন্নয়নে সামিল হতেই আজ যোগদান করলাম। সওকাত মোল্লার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে খুশি হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আজ যোগ দিয়েছেন। এদের সকলকে স্বাগত জানাচ্ছি।
সওকত বলেন, “হাতিশালায় শক্তি ছিল আইএসএফ-এর। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানো, যুব সম্প্রদায়ের দেড় হাজার করে টাকা দেওয়ার ব্যবস্থা করা। সিভিক-গ্রিন পুলিশদের টাকার ব্যবস্থা, এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবস্থা করেছেন তাই তাঁর উন্নয়ন যজ্ঞে সামিল হলেন সকলে।”