Two Commissions formed: প্রাতিষ্ঠানিক কারচুপির তদন্তে কমিশন গঠন, মহিলা সুরক্ষার বড় দায়িত্ব দময়ন্তী সেনের হাতে
Bengal Commissions on Corruption and Women Atrocities: মহিলা ও শিশুদের উপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখতে যে কমিশন গঠন করা হয়েছে, তার চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। আর আইপিএস দময়ন্তী সেনকে এই কমিশনে রাখা হয়েছে। গত কয়েক বছরে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে এই কমিশন। তারপর পদক্ষেপ করবে।

কলকাতা: এবার তৃণমূল সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গঠন করল শুভেন্দুর সরকার। সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই কমিশন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রাজ্য সরকার আরও একটি কমিশন গঠন করল। মহিলা ও শিশুদের উপর গত কয়েক বছরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে দ্বিতীয় কমিশনটি গঠন করা হয়েছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই দুই কমিশন গঠনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহিলা ও শিশুদের উপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখতে যে কমিশন গঠন করা হয়েছে, তার চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। আর আইপিএস দময়ন্তী সেনকে এই কমিশনে রাখা হয়েছে। গত কয়েক বছরে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে এই কমিশন। তারপর পদক্ষেপ করবে।
বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি-সহ বিরোধীরা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এবার এই অভিযোগ খতিয়ে দেখতেই কমিশন গঠন করল নতুন সরকার। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেন, কেন্দ্র এবং রাজ্যের সামাজিক প্রকল্পের প্রাতিষ্ঠানিক কারচুপির তদন্ত হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আইপিএস জয়রামণ এর তদন্তভার নেবেন। কেন্দ্রের যেসব সুপারিশ রয়েছে, সেগুলিরও তদন্ত হবে। মন্ত্রিসভার অনুমতি নিয়ে আগামী ১ থেকে দুটি কমিশন কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানান।
