AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Vishwakarma: নতুন ব্যবসা শুরু করতে চান? বিশ্বকর্মা যোজনা চালু রাজ্যে, কারা সুবিধা পাবেন, কীভাবে আবেদন জেনে নিন

PM Vishwakarma Online Application: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় প্রশিক্ষণ দেওয়া হয়। ৫ থেকে ৭ দিনের বেসিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রয়োজন হলে ১৫ দিন বা তার বেশি দিনের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। আবার প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। আর কী সুবিধা মেলে, কারা আবেদন করতে পারবেন জেনে নিন...

PM Vishwakarma: নতুন ব্যবসা শুরু করতে চান? বিশ্বকর্মা যোজনা চালু রাজ্যে, কারা সুবিধা পাবেন, কীভাবে আবেদন জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 12, 2026 | 11:43 PM
Share

কলকাতা : বাংলায় ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণে প্রথম পদক্ষেপ করেছে বিজেপি সরকার (WB BJP Government)। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প। প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। সেইমতো আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ প্রকল্প কার্যকর করার ঘোষণা করেছেন। তবে, এই প্রকল্পগুলিতে কীভাবে আবেদন করবেন, প্রকল্পগুলির সুবিধা আদতে কারা পাবেন, তা হয়তো অনেকেই জানেন না। আজ আরও একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা (Pradhanmantri Biswakarma) নিয়ে বিস্তারিত তথ্য রইল আপনাদের জন্য। কোথায়, কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা পাবেন, দেখে নিন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের একটি প্রকল্প। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর চালু করা হয়েছিল। এই প্রকল্প মূলত শিল্পীদের জন্য। মূলত যাঁরা হাতের কাজ করেন, তাঁদের জন্য। যেমন, কুমোর, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার…এইসব পেশার সঙ্গে যুক্ত মানুষরাই প্রকল্পের বিশেষ সুবিধা পেয়ে থাকেন। মূলত এই প্রকল্পে ক্ষুদ্র, মাঝারি বা কুটির শিল্পের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে যেমন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, তেমন স্টাইপেনও দেওয়া হয়। হাতের কাজের নিজের ব্যবসা শুরু করতে চাইলে আর্থিক সাহায্য দেওয়া হয়।

কী কী সুবিধা ?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় প্রশিক্ষণ দেওয়া হয়। ৫ থেকে ৭ দিনের বেসিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রয়োজন হলে ১৫ দিন বা তার বেশি দিনের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। আবার প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি সার্টিফিকেট দেওয়া হয়। মূলত, এই সার্টিফিকেট হল কাজের সরকারি স্বীকৃতি দেওয়া। সার্টিফিকেট ছাড়া একটা পরিচয়পত্রও দেওয়া হয়।

আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম কেনার জন্য ই-ভাউচারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১৫ হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। এছাড়াও নিজের ব্যবসা শুরু করার জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। প্রথম কিস্তিতে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা দেওয়া হয়। সেখানে সুদের হার মাত্র ৫ শতাংশ।

আবেদনের শর্ত

  • আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • কামার, কুমোর,মিস্ত্রি, স্বর্ণকার, মুচি-সহ এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হতে হবে।
  • একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের জন্য যোগ্য।
  • সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এই প্রকল্পের জন্য যোগ্য নন।
  • বিগত পাঁচ বছরে এই ধরনের কোনও সরকারি ঋণ প্রকল্প থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন?

অনলাইন এবং অফলাইন দু’ভাবে আবেদন করা যায়।

অনলাইনে আবেদনের জন্য প্রথমে পিএম বিশ্বকর্মা যোজনার পোর্টালে অর্থাৎ pmvishwakarma.gov.in-এ যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আধার কার্ডের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, অ্যাড্রেস প্রুফ কোনও নথি।

অফলাইনে আবেদন করার জন্য নিকটতম কোনও কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে ফোন নম্বর এবং আধার ভেরিফিকেশন করতে হবে। তার জন্য সঙ্গে আধার কার্ড ও ওই মোবাইল নম্বর থাকা আবশ্যক। ভেরিফিকেশন হয়ে গেলে বায়োমেট্রিক অথেন্টিফিকেশনের মাধ্যমে সরাসরি আবেদন করে নিতে পারবেন।

সেক্ষেত্রে যাঁরা হাতের কাজের পেশার সঙ্গে যুক্ত, যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারেন। কোনওরকম ঝুঁকি ছাড়াই সরকারি সাহায্যে নিজেই কর্মসংস্থান গড়ে তুলুন।

Follow Us