Saugata on Rohit: রোহিতের সমালোচনা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখে কী বলছেন সৌগত রায়?
Saugata on Rohit: এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫২ রান। আর সেই রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ৭টি চার, ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৬ রান করেন রোহিত। ২৬.১ ওভারে রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করেন রোহিত।

কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। কয়েকদিন আগে রোহিতের খারাপ ফর্মের উল্লেখ করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন, রোহিত শর্মার দলে সুযোগ পাওয়া উচিত নয়। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ পুরোটা দেখেছেন তিনি। এদিন ভারতের জয়ের পর রোহিত শর্মাকে নিয়ে কী বললেন তৃণমূল সাংসদ?
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫২ রান। আর সেই রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ৭টি চার, ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৬ রান করেন রোহিত। ২৬.১ ওভারে রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন মিস করেন রোহিত। স্ট্যাম্প আউট হন। শেষপর্যন্ত ভারত ৪ উইকেটে ম্যাচ জেতে।
এদিন ভারতের জয়ের পর টিভি৯ বাংলাকে ফোনে সৌগত রায় বলেন, “সব ভারতীয়র মতো আমিও আনন্দিত। আমি বলেছিলাম, রোহিত শর্মা ভাল খেলছে না। দলে সুযোগ পাওয়া উচিত নয়। তবে আজ রোহিত শর্মা খুব ভাল খেলেছে। তাকে অভিনন্দন। ভারতের জয়ে ওরও কৃতিত্ব রয়েছে। আমি খুশি হতাম, যদি সেঞ্চুরি করতে পারত। আগে খেলতে পারছিল না, তখন সমালোচনা করেছিলাম। আজ ভাল খেলেছে, অভিনন্দন জানাচ্ছি।”
রোহিত শর্মাকে নিয়ে তাঁর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন অনেকে। এই নিয়ে এদিন সৌগত রায় বলেন, “যা ঠিক মনে হয়েছে, বলেছি। আমি সোশ্যাল মিডিয়া দেখি না। সোশ্যাল মিডিয়া কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা যাঁরা ক্রীড়াপ্রেমী, তাঁদের তো বলার অধিকার রয়েছে।” রোহিতের এদিনের ইনিংস দেখার পরও তৃণমূল সাংসদের বক্তব্য, রোহিতের অবসর নেওয়া উচিত। তিনি বলেন, “অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল, ভাল খেলছে। সেঞ্চুরি করবে। সেটা হয়নি। ৭৬ করেছে। তবে ভাল খেলেছে। আমি প্রতিটা বল খেলা দেখেছি।”

