Roopa Ganguly: ‘প্লিজ হেল্প’, কালীপুজোর রাতে কলকাতা পুলিশের কাছে সাহায্যের আর্জি রূপা গঙ্গোপাধ্যায়ের! কী হল?
Roopa Ganguly: অভিযোগ পাওয়ার সাথে সাথেই কন্ট্রোল রুমের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে তা স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আজ সন্ধ্যা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত পর্ষদের কন্ট্রোল রুমে মোট ৫টি জায়গা থেকে দূষণ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।

দেবব্রত মণ্ডল: কালীপুজোর রাতে কলকাতা পুলিশের কাছে সাহায্য চাইলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, “কখন এই আওয়াজ বন্ধ হবে? ঘুমোতে পারছি না।” এরপরই কলকাতা পুলিশকে হ্যাসট্যাগ করে তিনি লেখেন, ‘প্লিজ হেল্প’।

প্রসঙ্গত, কলকাতা শহর ও জেলাজুড়ে শব্দ এবং বায়ুদূষণ রুখতে কালীপুজোর রাতে তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB)। একাধিক পদক্ষেপ করা হয়েছে।
১০টি পৃথক কন্ট্রোল রুম নম্বর: এই প্রথম কলকাতা শহরের দূষণ সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও তার প্রতিকারের জন্য পর্ষদের তরফ থেকে ১০টি আলাদা আলাদা কন্ট্রোল রুম নম্বর চালু করা হয়েছে।
টানা ১২ ঘণ্টা মোবাইল টিমের নজরদারি: আজ বিকেল ৫টা থেকে আগামী কাল ভোর ৫টা পর্যন্ত কলকাতার রাস্তায় নামানো হয়েছে ৬টি বিশেষ দূষণ পর্যবেক্ষণকারী মোবাইল টিম (Pollution Monitoring Mobile Team)। রাতভর এই ধরনের ব্যাপক ও দীর্ঘ সময়ের নজরদারি কলকাতায় এই প্রথম।
জেলাভিত্তিক ৭টি আঞ্চলিক টিম: কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলির জন্য পর্ষদের ৭টি আঞ্চলিক মোবাইল টিম (Regional Mobile Team) সংশ্লিষ্ট এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে।
অভিযোগ ও তাৎক্ষণিক ব্যবস্থা: আজ সন্ধ্যা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত পর্ষদের কন্ট্রোল রুমে মোট ৫টি জায়গা থেকে দূষণ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই কন্ট্রোল রুমের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে তা স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
তারপরও কলকাতা-সংলগ্ন একাধিক জেলায় মধ্যরাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। পরিসংখ্যান বলছে, সল্টলেকের বাতাসে PM 2.5-এর মাত্রা ৪৪৪। বালিগঞ্জের বাতাসে PM ২.৫ এর মাত্রা ৪০৯। যাদবপুরের বাতাসে PM 2.5-এর মাত্রা ৩৭৯।
তবে দূষণ রুখতে এবং শব্দাসুরকে দমনে এবার রাস্তায় নামে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ ৬ মোবাইল টিম। কলকাতার রাস্তায় এবার এই দলগুলির নজিরবিহীন তৎপরতা চোখে পড়ে।
