Sandip Ghosh: ঠিক কী কী কারণে সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট?
Sandip Ghosh Bail Reasons: আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। দুই বছর পর সন্দীপকে জামিন দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঠিক কী কী কারণে জামিন দেওয়া হল?

কলকাতা: ২০২৪ সাল। আরজি কর কলেজ ও হাসপাতালে (RG Kar College and Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা। নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই সঙ্গে আরও একটা অভিযোগ সামনে এসেছিল। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ। ইডি তদন্তে উঠে এসেছিল একের পর এক বিস্ফোরক তথ্য। বিভিন্ন টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। আর এই দুর্নীতির কাণ্ডারি নাকি ছিলেন আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। দুই বছর পর সন্দীপকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঠিক কী কী কারণে জামিন দেওয়া হল?
সুপ্রিম কোর্ট কী জানিয়েছে?
দীর্ঘদিন জেলবন্দি ও বিচারপ্রক্রিয়ায় ধীরগতি
দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।
সাক্ষ্যগ্রহণে বিলম্ব
আর্থিক দুর্নীতি মামলায় মোট ১৪৭ জন সাক্ষী রয়েছে। তবে, এখনও পর্যন্ত মাত্র ৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে, বিচারপ্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগবে।
মূলত, এই দুই বিষয়কে গুরুত্ব দিয়েই কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পুজোর মুখে স্বস্তি পেয়েছেন তিনি।
এদিকে, সন্দীপ ঘোষ জামিন পেতেই সমালোচনার ঝড় উঠেছে। অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরসের দাবি, ইচ্ছেকৃতভাবে তদন্তে ঢিলেমি করছে সিবিআই। এই নিয়ে বিবৃতি দিক সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চ। অভিযুক্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও শাস্তি দেওয়ার দাবি তুলেছেন চিকিৎসকরা।
