Shashi Panja Police Bias Nandigram: রাজ্যে ভোট চলছে, তার মাঝেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন শশী পাঁজা! তুললেন বিস্ফোরক অভিযোগ

Nandigram election controversy: শশী পাঁজার আরও অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও স্থানীয় বিজেপির 'বাহুবলী' হিসেবে পরিচিত ঝন্টু রাউ এবং অশোক করণের বিরুদ্ধে বহু অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের গ্রেফতার করছে না। উল্টে, পরিকল্পিতভাবে তৃণমূলের কর্মীদের হয়রান করা হচ্ছে এবং অকারণে তাঁদের গ্রেফতার করা হচ্ছে বলে তৃণমূলের দাবি।

Shashi Panja Police Bias Nandigram: রাজ্যে ভোট চলছে, তার মাঝেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন শশী পাঁজা! তুললেন বিস্ফোরক অভিযোগ
শশী পাঁজা, প্রার্থীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 23, 2026 | 11:59 AM

কলকাতা: বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই নন্দীগ্রামের ভোট পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার  সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামে পুলিশের দুই অফিসার নিরপেক্ষভাবে কাজ করছে না, বরং সরাসরি বিজেপির হয়ে কাজ করছে। পুলিশের  একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল।

শশী পাঁজার অভিযোগের নিশানায় রয়েছেন দুই পুলিশ আধিকারিক— অজয় মিশ্র, যিনি ২০২১ সালে নন্দীগ্রামের ওসি ছিলেন  এবং  কুদরতে খুদা, তিনি হলদিয়ার ওসি ছিলেন। শশী পাঁজার দাবি, ২০২১ সালেও এই দুই আধিকারিক নন্দীগ্রাম ও হলদিয়া এলাকায় কর্মরত ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল।

সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, “নন্দীগ্রামের ওসি ইন্সপেক্টর অজয় মিশ্র এবং হলদিয়ার ওসি ইন্সপেক্টর কুদরতে খুদাকে কেন নির্বাচনের ডিউটি দেওয়া হল? তাঁদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও কেন কমিশন নির্বিকার?”

শশী পাঁজার আরও অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও স্থানীয় বিজেপির ‘বাহুবলী’ হিসেবে পরিচিত ঝন্টু রাউ এবং অশোক করণের বিরুদ্ধে বহু অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের গ্রেফতার করছে না। উল্টে, পরিকল্পিতভাবে তৃণমূলের কর্মীদের হয়রান করা হচ্ছে এবং অকারণে তাঁদের গ্রেফতার করা হচ্ছে বলে তৃণমূলের দাবি।

নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে পুলিশের এই ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত ক্ষুব্ধ। নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ওই দুই আধিকারিককে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us