Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে জুতো ছোড়ার অভিযোগ, কমিশনের দফতরের সামনে তুলকালাম

Election Commission: দুই জেলার জেলাশাসক বাদ যাওয়া নাম তুলতে চাপ দিচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, শুনানির শেষ দিনে নদিয়ার এডিএম গিয়ে প্রভাব খাটিয়েছেন। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এদিন এই সংক্রান্ত একটি অডিয়ো জমা করতেই এসেছিলেন শুভেন্দু।

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে জুতো ছোড়ার অভিযোগ, কমিশনের দফতরের সামনে তুলকালাম
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 24, 2026 | 7:12 PM

কলকাতা: ভরসন্ধ্যায় তুলকালাম পরিস্থিতি কলকাতার নির্বাচন কমিশনের দফতরের সামনে। তৃণমূল ও বিজেপিপন্থী বিএলও-দের মধ্যে তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন বিকেলে কমিশনের দফতরের সামনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগেই বিএলও-দে মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়।

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে কমিশনের দফতরে যান শুভেন্দু। সেখানে প্রবেশ করার সময়ই শুভেন্দুকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় ও স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিজেপিপন্থী বিএলও-রা সরব হন। তাঁরা বলতে থাকেন, “শুভেন্দু দাকে জুতো মারল আর পুলিশ বসে বসে হাসছে।” এই বলে বিএলও-দের একাংশের উপর চড়াও হন তাঁরা। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। দফায় দফায় চলছে বিক্ষোভ। রীতিমতো উত্তপ্ত এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিএলও-দের একাংশ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, বেশ কিছু অভিযোগ ও দাবি নিয়ে এদিন সিইও-র সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তাঁর অভিযোগ, দুই জেলার জেলাশাসক বাদ যাওয়া নাম তুলতে চাপ দিচ্ছেন। তাঁর আরও দাবি, শুনানির শেষ দিনে নদিয়ার এডিএম গিয়ে প্রভাব খাটিয়েছেন। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এদিন এই সংক্রান্ত একটি অডিয়ো জমা করতেই এসেছিলেন শুভেন্দু। সেখানেই এই ঘটনা ঘটে।