SIR List: লিস্ট বেরনোর পর ৭২ ঘণ্টা পার, কোথায় ট্রাইব্যুনাল? কীভাবে জানাবেন আবেদন?

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে যে হিসেব সামনে এসেছে, তাতে এখনও পর্যন্ত প্রায় ৭৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে যাঁরা নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে চাইবেন, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।

SIR List: লিস্ট বেরনোর পর ৭২ ঘণ্টা পার, কোথায় ট্রাইব্যুনাল? কীভাবে জানাবেন আবেদন?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 26, 2026 | 4:17 PM

কলকাতা: নির্বাচন কমিশন বারবার বলেছে, কোনও বৈধ ভোটার বাদ যাবে না, কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না। রাজ্যে এসেও এমন আশ্বাস দিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে হাতে বেশি সময় নেই। একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে, আরও নাম প্রকাশ হওয়া বাকি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হবে কবে?

আগামিকাল, শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে যে হিসেব সামনে এসেছে, তাতে এখনও পর্যন্ত প্রায় ৭৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে যাঁরা নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে চাইবেন, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। সেই প্রক্রিয়া দ্রুত না এগোলে, আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন না তাঁরা। অথচ সেই প্রক্রিয়া শুরুই হল না এখনও।

যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কবে আবেদন করতে পারবেন, প্রশ্ন উঠছে। সূত্রের খবর ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নাম ঠিক হয়ে গেলেও ট্রাইব্যুনাল গঠন কবে হবে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিচারপতিরাও এসম্পর্কে কোনও তথ্য পাননি বলে সূত্রের খবর। এমনকী কবে থেকে কাজ শুরু হবে, কেমনভাবে কাজ করতে হবে তাও জানানো হয়নি।

মালদহ, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বহু ভোটারের নাম বাদ পড়েছে। সোমবার মধ্যরাতে লিস্ট বেরনোর পর ভোটারের হাতে নাম পৌঁছতে আরও প্রায় একদিন লেগে যায়। ট্রাইব্যুনালে আবেদন গ্রহণ করার জন্য একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে মালদহের প্রশাসনিক ভবনের পাশে। বুধবার সেখানে সাধারণ ভোটারদের ভিড়ও দেখা যায়। কিন্তু কোনও কর্মী উপস্থিত ছিলেন না। ভোটাররা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এই অব্যবস্থার জন্য।

সূত্রের খবর, বাদ যাওয়া নামের ব্যক্তি আবেদন করবেন ডিইও অফিস। চিঠি লিখে আবেদন করতে হবে। ‘To the Tribunal’ উল্লেখ করে সাদা কাগজে চিঠি লিখতে হবে। কিন্তু সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল ডাকবে কি না, অথবা কোনও আইনজীবী মারফত এই কাজ করা যাবে কি না সেগুলি স্পষ্ট নয়।

রাজনৈতিক দলগুলির প্রশ্ন এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল না গঠিত হলে বাদ যাওয়া নামের ভোটার কি আদৌ বিধানসভায় ভোট দিতে পারবেন? কমিশনের আশ্বাস, কোনও বৈধ ভোটার বাদ যাবে না, সেটা কি শুধু প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে? উঠছে প্রশ্ন।

Follow Us