Suvendu Adhikari: ৮০ শতাংশ ভোট পড়লেই জিতব সিওর: শুভেন্দু
Mamata-Suvendu: সকালেই ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কাউন্সিলর অসীম বসুর বাড়িতে মধ্যরাতে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, শুভেন্দুকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে।

ভবানীপুর: দ্বিতীয় দফায় সকাল থেকেই নজরে ভবানীপুর (Bhabanipur) কেন্দ্র। হাইপ্রোফাইল কেন্দ্রে এবার হেভিওয়েট প্রার্থীদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), একে অপরের প্রতিদ্বন্দ্বী। বুধবার সকাল থেকেই সেই কেন্দ্রে দেখা গিয়েছে উত্তেজনার ছবি। কখনও কাউন্সিলরের বাড়ি ছুটে যাচ্ছেন মমতা, কখনও বিক্ষোভের মুখে সরাসরি কমিশনে ফোন করছেন শুভেন্দু। এদিন দুপুরেই ফলাফলের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে।
ঠিক কী বললেন শুভেন্দু?
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “৮০ শতাংশ ভোট হলে আমি জিতব। ৯০ শতাংশ ভোট হলে, কমফোর্টেবল মার্জিনে জিতব। ৭৭ নম্বর ওয়ার্ড বাদে বাকি সব জায়গায় আমার লিড থাকবে। ৭৭ নম্বর ওয়ার্ডে ওরা যা করছিল, তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ওদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে”
শুভেন্দু আরও জানিয়েছেন, ফলতায় ইভিএমে টেপ আটকে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে খোঁজ নিয়েছেন। সিইও-র সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে বলেছেন অমিত শাহ।
ভোট অপেক্ষাকৃত ‘স্লো’ হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘প্রয়োজনে রিজার্ভ থাকা ভোটকর্মী ব্যবহার হবে।’
শুভেন্দুর অভিযোগে উত্তপ্ত ভবানীপুর
ভবানীপুরে জয় হিন্দ ভবনের সামনে উত্তেজনা ছড়ায় শুভেন্দুকে ঘিরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, শুভেন্দুকে ঘিরে কয়েকশো মানুষের ভিড় বাড়ে। চলে স্লোগান পাল্টা স্লোগান। দেখা যায় গাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইলে কিছুক্ষণের ভিডিয়ো করেন শুভেন্দু। তারপর সরাসরি ফোন করেন কমিশনে। আরও বাহিনী চান তিনি।
