Suvendu Adhikari: CBI ডিরেক্টরের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী
শুধু তাই নয়, আরজি কর কাণ্ড নিয়েও বড় পদক্ষেপ করেছেন শুভেন্দুর অধিকারী। তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষ সেই অনুমতি দিয়েছে শুভেন্দুর গেরুয়া সরকার।

কলকাতা: সিবিআই (CBI) ডিরেক্টর প্রবীণ সুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন নবান্নে (Nabanna) । ক্ষমতায় আসার পরই ১৩ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিবিআইকে (CBI) প্রাতিষ্ঠানিক দুর্নীতি মামলায় আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছেন। বিশেষ করে পুর নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সমবায় দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে। এরপর বুধবার সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সেই কারণেই বৈঠক বলে মনে করছে প্রশাসনিক মহল।
বিভিন্ন দুর্নীতি মামলায় আগেই সরব ছিল কেন্দ্রীয় এজেন্সি। নতুন সরকার ক্ষমতায় আসার পর তৎপর তারা। ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজিত বসু (Sujit Basu)। গত ১১ মে গ্রেফতার হয়েছেন তিনি। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাবাদ করেন ইডি আধিকারিকরা। আর তারপরই ইডির জালে তৃণমূলের মন্ত্রী। ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগ গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। ইডি-র দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময় সুজিত দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন। তাই সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা জানতেই জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার।
শুধু তাই নয়, আরজি কর কাণ্ড নিয়েও বড় পদক্ষেপ করেছেন শুভেন্দুর অধিকারী। তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষ সেই অনুমতি দিয়েছে শুভেন্দুর গেরুয়া সরকার। ফলত, এই আবহের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের সঙ্গে এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
