Amit Shah in Bengal: শাহ বাংলায় এলে কী বলবেন শুভেন্দু-সুকান্তরা? আজ চলছে তার মহড়া
Amit Shah in Bengal: অমিত শাহ যখন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে আসবেন ও আবার ফের এয়ারপোর্টে ফিরে যাবেন তখন তাঁর সঙ্গে পুরো পথেই দেখা যাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনটাই খবর।

কলকাতা: রাত পোহালেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধন করবেন লেবুতলা পার্ক তথা সন্তোষমিত্র স্কোয়ারের পুজোর। শাহ আমণের জন্য ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতি বছরই নিত্যনতুন থিমের চমক দেখা যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। ভিড় হয় লক্ষ লক্ষ মানুষের। এবারে রয়েছে একেবারে ভিন ধারার চমক। এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রাম মন্দির। এই পুজোরই বড় দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। শনিবার থেকেই মণ্ডপ চত্ত্বরের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তবে শুধু পুজোর উদ্বোধন নয় বঙ্গে পা দিয়েই আরও একাধিক কর্মসূচি রয়েছে শাহের।
সূত্রের খবর, রাজ্যে দুর্নীতি, আইন-শৃঙ্খলা নিয়ে আরও একাধিক বিষয়ে অমিত শাহের কাছে রিপোর্ট দিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আগেই অমিত শাহের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠক হতে পারে বলে শোনা গিয়েছিল। সেই জল্পনা এখনও রয়েছে। তবে সেই বৈঠক নাও হতে পারে বলে খবর।
সূত্রের খবর, অমিত শাহ যখন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে আসবেন ও আবার ফের এয়ারপোর্টে ফিরে যাবেন তখন তাঁর সঙ্গে পুরো পথেই দেখা যাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অমিত শাহ নিজেই তাঁদের থাকতে বলেছেন বলে খবর। সেখানেই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক হাল সবটাই শাহ তাঁদের থেকে জানতে চাইতে পারেন। সেখানে কে কী বলবেন তা নিয়েই এদিন সল্টলেকের অফিসে বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্ব। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেই রয়েছেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়েরা। কোন বিষয়গুলি অমিত শাহের কাছে গাড়িতে তুলে ধরা যায় এদিনের বৈঠকে সে বিষয়েই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বলে খবর।
