CPIM: বাংলায় বিজেপির বিরোধিতা করে কেন তৃণমূল? সিপিএমের কেন্দ্রীয় কমিটির খসড়ায় লেখা হল কারণ
CPIM: শুধু তৃণমূল নয়, কংগ্রেসের বিরুদ্ধেও কেন্দ্রীয় কমিটির খসড়ায় লেখা হয়েছে। বাংলায় একাধিক নির্বাচনে জোট করে লড়েছে বাম ও কংগ্রেস। কিন্তু, বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক জোট করবে না বলে খসড়ায় লেখা হয়েছে।

কলকাতা: বাংলায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। আবার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতারাও তৃণমূলকে নিশানা করেন। কিন্তু, তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তুলে অনেকদিন ধরেই সরব বঙ্গ সিপিএমের নেতারা। এবার তাঁদের সেই অভিযোগই জায়গা পেল সিপিএমের কেন্দ্রীয় কমিটির খসড়ায়। বাংলায় কেন বিজেপির বিরোধিতা করে তৃণমূল, পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়ায় তার কারণ লিখল সিপিএমের কেন্দ্রীয় কমিটি।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির ৪৪ পাতার খসড়ায় নানা ইস্যুতে বক্তব্য রয়েছে। সেখানে ৩৭ নম্বর পাতায় বাংলায় বিজেপির বিরুদ্ধে কেন তৃণমূল সরব, তার কারণ লেখা রয়েছে। কেন্দ্রীয় কমিটির খসড়ায় লেখা হয়েছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং রাজনীতির মিশেলে বাংলায় তৃণমূল কংগ্রেস একটি স্বৈরাচারী দল। যারা কমিউনিস্টদের বিরোধী। তারপরই পশ্চিমবঙ্গে কেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল সরব, তার কারণ উল্লেখ করে লেখা হয়েছে, “সিপিএম ও অন্য বামদলগুলিকে অপ্রাসঙ্গিক করে রাখতে দ্বিমেরুকরণের রাজনীতি বজায় রাখতে বাংলায় বিজেপির বিরোধিতা করে তৃণমূল।”
রাজনীতির কারবারিরা বলছেন, লোকসভা নির্বাচনের প্রচারে সিপিএমের রাজ্য নেতারা বারবার দ্বিমেরুকরণের রাজনীতি নিয়ে সরব হয়েছিলেন। এবার কেন্দ্রীয় কমিটির খসড়ায় কার্যত সেটাকেই মান্যতা দেওয়া হল।
শুধু তৃণমূল নয়, কংগ্রেসের বিরুদ্ধেও কেন্দ্রীয় কমিটির খসড়ায় লেখা হয়েছে। বাংলায় একাধিক নির্বাচনে জোট করে লড়েছে বাম ও কংগ্রেস। কিন্তু, বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক জোট করবে না বলে খসড়ায় লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, কংগ্রেসের অনেকেই বিজেপি ও আরএসএসের হিন্দুত্বের রাজনীতির সঙ্গে আপস করেন। কংগ্রেসের অর্থনৈতিক নীতির সঙ্গে বিজেপির আর্থিক নীতির কোনও ফারাক নেই।
সিপিএমের স্বাধীন শক্তি যে বৃদ্ধি হচ্ছে না, সেকথাও স্বাকীর করা হয়েছে কেন্দ্রীয় কমিটির খসড়ায়। লেখা হয়েছে, গত কয়েক বছর সিপিআইএম স্বাধীন শক্তি বৃদ্ধি করতে পারেনি। ২০২৬ সালে কেরলে হারলে পাঁচ দশকের মধ্যে এমন হবে যে বামেরা কোনও রাজ্যেই ক্ষমতায় থাকবে না।

