
কলকাতা: ভোট মিটতেই এবার গণনাপর্ব নিয়ে প্রস্তুতির পালা। সমস্ত রাজনৈতিক দলই সেই প্রস্তুতি নিচ্ছে। কাউন্টিং এজেন্ট নিয়ে শেষবেলার প্রস্তুতিতে সকলেই। এরইমধ্যে রবিবার ভার্চুয়াল বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী ও জেলা সভাপতিদের নিয়ে এদিন অভিষেক বৈঠক করেন বলে খবর। সূত্রের খবর, সেখানে জয় নিয়ে আত্মবিশ্বাসেরই কথা শোনান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
সূত্রের দাবি, অভিষেক এদিন বলেন, “আমি বক্তৃতায় বলেছি, ষষ্ঠ দফাতেই ২৩টা আসন পেয়ে গিয়েছি। ২০১৪ সালের আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হব না।” সূত্রের খবর, অভিষেক বার্তা দেন, গণনাকেন্দ্রে শেষ পর্যন্ত পড়ে থাকতে হবে। বলেন, “শেষ ইভিএম গোনা পর্যন্ত থাকুন। ছেড়ে আসবেন না। বিজেপি এজেন্টদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে। বাইরে এসে জয়ী হয়ে গিয়েছি বলে চিৎকার করতে পারে। নন্দীগ্রামের মতো আপনারা গণনা শেষ না করে বেরিয়ে আসবেন না। শেষ পর্যন্ত থাকবেন।”
সূত্রের দাবি, অভিষেক বার্তা দেন, “বাকিরা সতর্ক থাকবেন। যদি কেউ ক্লান্ত হয়ে যান তার বিকল্প তৈরি রাখবেন।” শনিবার শেষ দফার ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট সামনে আসতে শুরু করে। মোদী বিপুল সংখ্যক জনাদেশ নিয়ে আবারও আসছেন, এমনই ইঙ্গিত মিলেছে সিংহভাগ এক্সিট পোলের রিপোর্টে। বাংলাতেও বিজেপির আসন বাড়ার কথা বলছে সকলে। তবে এক্সিট পোলকে গুরুত্ব দিতে চাননি অভিষেক। এদিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বার্তা দেন, “এক্সিট পোলে এর আগেও অনেক কিছু দেখিয়েছিল। পরে ফলাফল অন্য হয়েছে।” প্রসঙ্গত, এক্সিট পোলের কোনও ‘ভ্যালু’ নেই বলে রবিবারই টিভিনাইন বাংলাকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোলে ভরসা নেই, বুঝিয়ে দিলেন অভিষেকও।