Sudip Banerjee: ‘প্রহ্লাদ যোশী ফোন করেছিলেন…’ দিল্লি যাওয়ার আগে শুনিয়ে গেলেন সুদীপ

Sudip Banerjee: রবিবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলেই কালীঘাটের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর দলের কেউ শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবে না। তারপরও আজ সকালে কী জন্য দিল্লির উদ্দেশে রওনা দিলেন সুদীপ?

Sudip Banerjee: প্রহ্লাদ যোশী ফোন করেছিলেন... দিল্লি যাওয়ার আগে শুনিয়ে গেলেন সুদীপ
কলকাতা বিমানবন্দরের বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 09, 2024 | 10:37 AM

কলকাতা: রবিবাসরীয় সন্ধেয় দিল্লিতে চাঁদের হাট। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে আজ চাঁদের হাট। আমন্ত্রিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এসবের মধ্যেই রবিবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলেই কালীঘাটের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর দলের কেউ শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবে না। তারপরও আজ সকালে কী জন্য দিল্লির উদ্দেশে রওনা দিলেন সুদীপ? যদিও তৃণমূলের বর্ষীয়ান নেতা স্পষ্ট জানালেন, তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন না।

সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ‘গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী। বলেছিলেন আসার জন্য। কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে যাওয়া হবে না। সেখানে কী করে যাব?’ তাহলে কেন আজ দিল্লিযাত্রা তৃণমূল নেতার? সেটাও নিজেই খোলসা করলেন সুদীপবাবু। জানালেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয়। ৫-৯ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের তারিখ। আজ শেষ দিন। সেই কারণেই যাচ্ছি।’

গতকালই কালীঘাটের বৈঠকে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ফের একবার বেছে নেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। সেই দায়িত্ব প্রসঙ্গেও আজ প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সুদীপবাবু বলেন, ‘আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সংসদীয় দলের নেতৃত্ব আমিই দিচ্ছি। ছয় বারের সাংসদ আমি। পশ্চিমবঙ্গে আমার থেকে বেশিবারের সাংসদ আর কেউ নেই। এগুলো আমার কাছে স্বাভাবিক বিষয়।’

Follow Us