
কলকাতা: দুই দফাতেই বিপুল ভোটের হার। কাদের দিকে পাল্লা ভারী? দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। আসছে বুথ ফেরত সমীক্ষা। এরই মধ্যে ভোটের ফল নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও নিশানা করলেন তিনি।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দ্বিতীয় দফার ভোট শেষে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মমতা। এদিন তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার বদলে সিআরপিএফ অত্যাচার চালাচ্ছে। আমার জীবনে কখনও দেখিনি কেন্দ্রীয় বাহিনী এভাবে মারধর করছে। সব জায়গায় তারা অত্যাচার করছে। এজেন্টদের বুথ থেকে বের করে দিচ্ছে। এমনকি একটি ছোট শিশুকেও তারা রেহাই দেয়নি। তার উপরও অত্যাচার করা হয়েছে।”
এরপরই ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আমার কাছে যা খবর আছে, ওরা (বিজেপি) হারছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জয়ী হব।” এরপরই ভিক্টরি সাইন দেখান তিনি। রাজ্যে চতুর্থবার তৃণমূল সরকার গড়বে বলে জানিয়ে দেন মমতা। অন্য আর এক জায়গায় তৃণমূল সুপ্রিমো বলেন, “২০০ তো আমরা পেরিয়ে যাব। সংখ্যাটা কোথায় যাবে, সেটা মানুষ ঠিক করবেন।”
কী বলছে বিজেপি?
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার অভিযোগ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেসের কোনও বক্তব্য, বিবৃতি, কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনও ধরনের গ্রহণযোগ্যতা নেই। আর কোনও অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না।”
এদিকে, ভোটের ফলাফল নিয়ে বিজেপিরও দাবি, এবার বাংলায় তারা সরকার গঠন করবে। বিদায়ী বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। শেষ পর্যন্ত ভোটের ফল কী হয়, সেটাই দেখার। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ মে পর্যন্ত। কারণ, ওইদিন ফলাফল ঘোষণা হবে।