AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heavy Rain Kolkata: প্রবল ঝড়ে বিপত্তি, শিয়ালদহে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ, মেট্রো ট্র্যাকে পড়ল গাছ

West Bengal Weather: শুক্রবার সকাল থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছিল জেলায় জেলায়। দুপুর ২টো নাগাদ কার্যত অন্ধকার নেমে আসে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। শুরু হয়ে প্রবল বৃষ্টি। বিপাকে পড়েছেন পথচলতি সাধারণ মানুষ।

Heavy Rain Kolkata: প্রবল ঝড়ে বিপত্তি, শিয়ালদহে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ, মেট্রো ট্র্যাকে পড়ল গাছ
| Edited By: | Updated on: May 29, 2026 | 4:00 PM
Share

কলকাতা: কয়েক মিনিটে তছনছ হয়ে গেল সব। ভরদুপুরেই বদলে গেল শহরের চেহারা। প্রবল ঝড় আর তুমুল বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়ল শহরের রাস্তাঘাটে। থমকে গেল মেট্রো থেকে ট্রেন। রাস্তায় রাস্তায় এমনভাবে গাছ ভেঙে পড়েছে যে যান চলাচলও বন্ধ হওয়ার জোগাড়।

শহরের একাধিক রাস্তায় গাছ পড়ে প্রবল বিপত্তি তৈরি হয়েছে। অটো, বাস চলাচলে অসুবিধা হচ্ছে। ইন্টারনেটের তারও ছিঁড়ে পড়েছে কোথাও কোথাও। স্তব্ধ হয়ে গিয়েছে পরিষেবা। রেড রোডে গাছ পড়ে রাস্তা বন্ধ, সল্টলেকেও একের পর এক গাছ ভেঙে পড়েছে রাস্তায়। এদিকে, শিয়ালদহ ও হাওড়ার একাধিক শাখায় ট্রেন চলাচল বন্ধ। একাধিক জায়গায় গাছ পড়ে গিয়েছে। স্টেশনে স্টেশনে প্রবল ভিড়। মধ্যমগ্রাম শাখায় গাছ পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

মেট্রোর পরিষেবার অবস্থাও ভালো নয়। শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের টিনের শেড উড়ে যাওয়ায় স্টেশনের ভিতর হু হু করে ঢুকছে জল। কবি সুভাষ ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মাঝে গাছ পড়ে যাওয়ায় থমকে গিয়েছে মেট্রো পরিষেবা। সব স্টেশনে থেমে থাকে ট্রেন। দ্রুততার সঙ্গে সেই গাছ সরানোর চেষ্টা চলছে।

শুক্রবার সকাল থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছিল জেলায় জেলায়। দুপুর ২টো নাগাদ কার্যত অন্ধকার নেমে আসে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। শুরু হয়ে প্রবল বৃষ্টি। বিপাকে পড়েছেন পথচলতি সাধারণ মানুষ। কলকাতা, হাওড়া, হুগলিতে প্রবল বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর দাপট চলেছে বেশ কিছুক্ষণ ধরে। সময়টা কম হলেও প্রভাব পড়েছে অনেক বেশি। জায়গায় জায়গায় বজ্রপাতের সম্ভাবনা এখনও রয়েছে, ফলে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Follow Us