Weather News Bengal: ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথায় দাঁড়িয়ে নিম্নচাপ, নেই নড়চড়, প্রবল বৃষ্টির সতর্কতা জারি এই ৪ জেলায়
Kolkata Weather Updates: আজ অর্থাৎ মঙ্গলবার মূলত প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের চার জেলা। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

কলকাতা: সোমবার থেকেই বৃষ্টির খেলা শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরে এই বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে সোমবার রাত থেকে দেখা গেল উল্টে ঝেঁপে বৃষ্টি হল জেলায়-জেলায়। বাদ যায়নি কলকাতাও। রাত দশটার পর কলকাতার (Kolkata) বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারই নিম্নচাপের সরে যাওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গের উপর থেকে। কিন্তু শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথার উপর দাঁড়িয়ে আছে নিম্নচাপ। সরছে না। ফলত সেই কারণেই পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণবঙ্গে। মূলত উত্তর ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা রয়েছে নিম্নচাপের। অপরদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। ফলে দু’য়ের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আজ অর্থাৎ মঙ্গলবার মূলত প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের চার জেলা। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। আজ বৃষ্টি হবে মধ্যবঙ্গেও। বৃষ্টি-বাদলার সতর্কতা আছে মুর্শিদাবাদ, নদিয়াতেও।
অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
