Iphone 18: স্ত্রীকে উপহার দেবেন দেড় লাখি আইফোন ১৮, ঘরের সোনাদানা বেচে দিলেন যুবক!
Apple Iphone: সোশাল মিডিয়াতে অনেকেই বলছেন, প্রতিবছর যখনই আইফোন বেরোয়, প্রতিবছর এই হুজুগ দেখা যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকে এই ফোন কেনে এবং এখনকার দিনে এই ফোন স্ট্যাটাস সিম্বল নয়, স্রেফ শো অফ হয়েই রয়েছে। অনেকে স্রেফ লোক দেখানোর জন্যই ইএমআই দিয়ে এত দামি ফোন কেনেন।

নয়ডা : ইতিমধ্যেই দেশে বিক্রি শুরু হয়ে গিয়েছে আইফোন ১৮-র। আর প্রথম দিনেই নতুন আইফোন কেনার জন্য বিভিন্ন আইফোন স্টোরে দেখা গিয়েছে লম্বা ভিড়। নয়ডার DLF Mall of Indiaতে অ্যাপল স্টোরে দেখা গিয়েছিল লম্বা লাইন। সকাল ৮টা থেকেই লোকজন ভিড় জমাতে শুরু করেন দোকানের সামনে। কেউ স্ত্রীকে উপহার দিতে, কেউ বা হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে এই মহামূল্যবান ফোন কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন।
তবে এঁদের মধ্যে সবথেকে নজর কেড়েছেন দিল্লির এক যুবক। স্ত্রীকে আইফোন ১৮ প্রো উপহার দিতে তিনি বাড়ির সোনা বিক্রি করে টাকা জোগাড় করেছেন। সংবাদমাধ্যমকে ওই ব্যক্তি জানান, তাঁর স্ত্রী আগে কখনও আইফোন ব্যবহার করেননি। তবে এবার তাঁর ইচ্ছে ছিল বার্গন্ডি রঙের নতুন আইফোন ১৮ প্রো কেনার। তবে এত টাকা খরচ করে ফোনটি কেন কিনেছেন? ওই ব্যক্তির বক্তব্য, আজ যেহেতু টাকা আছে, তাই তিনি আর বৌয়ের জন্য কিনছেন। তিনি বলেন, “আজ টাকা আছে, আগে ছিল না। সামনে থাকবে কি না জানি না। তাই আজই আনন্দ করছি।” এরপরেই জানান, ফোনটি কেনার জন্য তিনি সোনার গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছেন।
তবে শুধু ওই ব্যক্তিই নয়, পাঞ্জাব থেকে নয়ডা এসে একজন হবু স্ত্রীর জন্য কিনেছেন আইফোন ১৮। তিনি বলেন, খুব শীঘ্রই বিয়ে হবে তাঁদের। তাই হবু স্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি আইফোন ১৮ প্রো কিনতে এসেছেন। একই সঙ্গে নিজের জন্যও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনবেন তিনি। দুটি ফোন কিনতেই খরচ হবে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার বেশি। ফোন কেনার পরেই পাঞ্জাবে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।
সোশাল মিডিয়াতে অনেকেই বলছেন, প্রতিবছর যখনই আইফোন বেরোয়, প্রতিবছর এই হুজুগ দেখা যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকে এই ফোন কেনে এবং এখনকার দিনে এই ফোন স্ট্যাটাস সিম্বল নয়, স্রেফ শো অফ হয়েই রয়েছে। অনেকে স্রেফ লোক দেখানোর জন্যই ইএমআই দিয়ে এত দামি ফোন কেনেন। নেটিজেনরা মন্তব্য করছেন, “আইফোনের জন্য গয়না বিক্রি কে করে?” কারও আবার মত, “সবকিছু ফোমো। লোকে কিনছে তাই আমাকেও কিনতে হবে। এত শো অফ কিসের জানা নেই।” ফলে সবমিলিয়ে নতুন আইফোন রিলিজ হওয়ার পরেই আইফোন ইউজারদের আগ্রহ তুঙ্গে।
