Mamata Banerjee: অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা

Mamata Banerjee on Yuva Sathi scheme: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে। অর্থাৎ রাজ্যজুড়ে ২৯৪টি ক্যাম্প হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব।"

Mamata Banerjee: অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 10, 2026 | 4:42 PM

কলকাতা: বাংলায় নতুন সরকার গঠনের পর নয়। এপ্রিল থেকেই মিলবে যুব সাথী প্রকল্পের সুবিধা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। যে প্রকল্পটি ১৫ অগস্ট শুরু হওয়ার কথা ছিল। সেটাই এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি।

কয়েকদিন আগে বিধানসভায় বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের পাঁচ বছরের জন্য মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। আগামী অগস্ট থেকে এই প্রকল্প শুরুর কথা জানান তিনি।

অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠে। বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে নতুন সরকার গঠনের পর। নতুন সরকার গঠনের পর বাজেট পেশ হবে। সবমিলিয়ে এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছিল।

এই পরিস্থিতিতে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। ফলে যুব সাথী প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকেই দেওয়া হবে। পাঁচ বছর দেওয়া হবে। তারপর আবার খতিয়ে দেখা হবে।

নতুন এই প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন করতে হবে?

যুব সাথী প্রকল্পের আবেদন নিয়ে এদিন মমতা বলেন, “২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে। অর্থাৎ রাজ্যজুড়ে ২৯৪টি ক্যাম্প হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব।” ফেব্রুয়ারি থেকেই ক্যাম্প শুরু হচ্ছে। আবেদন খতিয়ে দেখে ১ এপ্রিল থেকেই এই প্রকল্পে বেকার যুবক-যুবতীরা টাকা পাবেন বলে তিনি জানিয়ে দেন।