
কলকাতা: মার্চ মাস শেষের দোরগোড়ায়। তবে গরমের তেমন দেখা নেই। বরং বৃষ্টির স্পেল চলছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি থামার নামই নেই। আবার বৃষ্টি আনছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতর সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলার জন্য। কবে, কোথায় কোথায় বৃষ্টি হবে?
শুক্র থেকে রবিবার, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে; শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে, সপ্তাহন্তে বৃষ্টি না নামা পর্যন্ত পারদ চড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়বে ভ্যাপসা গরমও। বৃষ্টি নামলেই ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির ঘরে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৯ শতাংশ থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা; শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এ শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও।
শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। আপাতত ঝড়-বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
উইকেন্ডে শুক্রবার থেকে রবিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ- এই চার জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
কলকাতাতেও সকালে মনোরম আবহাওয়া থাকবে; বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। আগামী ৪৮ ঘন্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার পরিষ্কার আকাশ। শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার থেকে রবিবার আরো এক দফায় ঝড় বৃষ্টির স্পেল চলবে। হতে পারে কালবৈশাখীও। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি রয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫২ থেকে ৯৫ শতাংশ।