
কলকাতা: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। এদিন বেলা ১১.৩১ মিনিটে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ভারতে যে কোনও রাজ্যের রাজ্যপাল একজন মুখ্যমন্ত্রীকে মূলত দু’টি ভিন্ন শপথবাক্য পাঠ করান। প্রথমটি পদের শপথ (Oath of Office)। দ্বিতীয়টি গোপনীয়তার শপথ (Oath of Secrecy)।
এদিন গেরুয়া বসনে মঞ্চে দেখা যায় শুভেন্দুকে। শুরুতেই রাজ্যপাল তাঁকে পদেন শপথ নেওয়ান। বলেন, “আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব। ভয় বা পক্ষপাত, প্রতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণির জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।”
তারপরই হয় গোপনীয়তার শপথ। বলেন, “আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনও বিষয়, যা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তা মুখ্যমন্ত্রীরূপে যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদৈব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করবি না।”
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ১৬৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই শপথগুলি গ্রহণ করা বাধ্যতামূলক এবং সংবিধানের থার্ড শিডিউলে (Third Schedule) এই শপথবাক্যগুলির নির্দিষ্ট কাঠামো বা বয়ান উল্লেখ করা আছে। শুধুই শুভেন্দু নন, এদিন একই কায়দায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রমানিক, অশোক কীর্তনিয়া এই ৫ জন পরপর মন্ত্রী হিসাবে শপথ নেন।