
কলকাতা: আদালতে আরজি কর মে়ডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি আত্মসমর্পণ করতে পারলেন না। শনিবার তিনি বিশেষ আদালতে এলেও আসেননি তাঁর আইনজীবী। আইনজীবী না থাকার কারণে বিচারকের কাছে আবেদন করতে পারলেন না তিনি। ফিরে গেলেন আখতার আলি।সোমবার আবারও আদালতে আসবেন বলেই জানালেন আখতার আলি। শুক্রবার আদালত আখতার আলির নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে, শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আখতার আলির। কিন্তু তিনি এদিন হাজিরা দেননি। এদিন আদালতে আখতারের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসক তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন বলে আইনজীবী আদালতে জানান। আদালতে তখন এই বিষয়টি উঠে আসে, গত চার তারিখে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন আখতার। সেই আবেদন খারিজ হয়ে যায়। আইনজীবীর দেওয়া আখতারের অসুস্থতার তত্ত্বে আদালত সন্তুষ্ট নয়। সিবিআই-এর আইনজীবী আদালতে সওয়াল করেন, হাজিরা এড়ানোর জন্যই অসুস্থতার ভান করছেন আখতার। এরপরই বিশেষ আদালতের বিচারক, আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।