Annapurna Yojana Scheme: ১০ জুলাই পর অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের জন্য এল বড় আপডেট
Annapurna Yojana Scheme latest Updates: সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? তার উত্তর দিতে গিয়ে সচিব পুরো বিষয়টি খোলসা করে জানিয়েছেন।

কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের একশো দিন পূরণ হয়েছে ১৭ অগস্ট সোমবার। আর সেই দিনই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার দিয়েছেন সুখবর। অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে, অনেকেই রয়েছেন যাঁরা ১০ জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা কবে থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সুমনা।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? তার উত্তর দিতে গিয়ে সচিব বলেন, “আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এরপর যাচাই (ভেরিফিকেশন) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।”
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সময় মহিলাদের জন্য যে সকল জনমুখী প্রকল্প এনেছিল তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা যোজনা। এই স্কিমে আবেদনকারী মহিলারা মাসে ৩ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন। ইতিমধ্যে অন্নপূর্ণার তিন পাতার ফর্ম পূরণ করে ফেলেছেন আবেদনকারীরা। গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন, যাঁরা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন। তাঁদের জন্যই এবার বার্তা এল সরকারের পক্ষ থেকে। তবে ভেরিফিকেশনে ইতিমধ্যে ১৭ লক্ষের মতো আবেদনকারীর নাম বাদ গিয়েছেন। তবে তাঁদের জন্যও সরকার সুযোগের ব্যবস্থা রেখেছে।
