Yogi Adityanath West Bengal Election Campaign: মোদী-শাহের পর এক ডজন কর্মসূচিতে ভোটবঙ্গে ঝোড়ো প্রচারে যোগী

Yogi Adityanath in West Bengal: নির্বাচনের আবহে গেরুয়া শিবিরের প্রচারের পারদ চড়াতে এ রাজ্যে পা রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও পর্যন্ত যা খবর, তাতে এক ডজন বা ১২টি কর্মসূচিতে অংশ নিয়ে ভোটমুখী বাংলায় কার্যত ঝোড়ো প্রচার চালাবেন ভারতে হিন্দুত্বের 'পোস্টার বয়'।

Yogi Adityanath West Bengal Election Campaign: মোদী-শাহের পর এক ডজন কর্মসূচিতে ভোটবঙ্গে ঝোড়ো প্রচারে যোগী
বাংলায় আসছেন যোগী আদিত্যনাথ Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 11, 2026 | 11:35 AM

কলকাতা: ভোট বঙ্গে প্রচারে ঝড় তুলছে পদ্ম ব্রিগেড। একযোগে পরপর ৬ জায়গায় সভা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। এবার নির্বাচনের আবহে গেরুয়া শিবিরের প্রচারের পারদ চড়াতে এ রাজ্যে পা রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও পর্যন্ত যা খবর, তাতে এক ডজন বা ১২টি কর্মসূচিতে অংশ নিয়ে ভোটমুখী বাংলায় কার্যত ঝোড়ো প্রচার চালাবেন ভারতে হিন্দুত্বের ‘পোস্টার বয়’। 

সূচি অনুযায়ী, রবিবার থেকেই ময়দানে নামছেন যোগী। বাঁকুড়ার পাত্রসায়ের এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হাইভোল্টেজ জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রয়োজনে যোগীর কর্মসূচির সংখ্যা আগামীতে আরও বাড়ানো হতে পারে, গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই আলোচনা। অর্থাৎ, বঙ্গে ভোট প্রচারে যোগীকে পূর্ণ শক্তিতে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপি কর্মীদের কাছে যোগী আদিত্যনাথ কেবল একজন মুখ্যমন্ত্রী নন, বরং হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে তার খ্যাতি দেশডোড়া। উত্তরপ্রদেশে অপরাধ দমনে তাঁর বুলডোজার নীতি, চড়া সুরে হিন্দুত্বের সওয়াল তাঁকে অনন্য পরিচিতি দিয়েছে। এখন ভোটের মুখে এ রাজ্যেও হিন্দুত্বের পক্ষে তাঁর স্পষ্ট ও জোরালো বক্তব্য ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলায় যে জোরাল প্রচার চালাচ্ছে পদ্ম ব্রিগেড, সেখানে যোগীর এই এক ডজন কর্মসূচি বিজেপিকে বাড়তি অক্সিজেন দিতে পারে। হিন্দু ভোট ব্যাঙ্ককে সংহত করার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের চাঙ্গা করাই যে কেন্দ্রীয় নেতাদের প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বাংলায় পা রেখেই ঠিক কী বার্তা দেন যোগী। 

Follow Us