AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja apps: মোবাইলে এই ৬ অ্যাপ থাকলে পুজোয় ঘোরা একেবারে সহজ, আপনার ফোনে আছে?

Durga Puja Pandal Hopping: পার্কিংয়ের ঝামেলা আর রেস্তোরাঁগুলোর লম্বা লাইন। প্যান্ডেল হপিংয়ের ক্লান্তি কাটিয়ে পুজোটাকে আরও একটু ঝঞ্ঝামুক্ত ও আরামদায়ক করতে চাইলে আপনার স্মার্টফোনেই রয়েছে এর সহজ সমাধান। কয়েকটি কাজের অ্যাপ ডাউনলোড করে নিলেই নিমেষে উধাও হবে পুজোর সব দুশ্চিন্তা!

Durga Puja apps: মোবাইলে এই ৬ অ্যাপ থাকলে পুজোয় ঘোরা একেবারে সহজ, আপনার ফোনে আছে?
| Updated on: Oct 16, 2026 | 5:25 PM
Share

বাঙালির কাছে দুর্গাপুজো মানেই স্বর্গীয় অনুভূতি। রোজকার ক্লান্তি ভুলে এই ক’টা দিনের জন্য মুখিয়ে থাকেন আট থেকে আশি। সারাদিন ধরে ঠাকুর দেখা, দেদার খাওয়াদাওয়া আর চুটিয়ে আড্ডা—সব মিলিয়ে এক অনন্য আনন্দ। তবে এই উৎসবের মাঝেই চিন্তা বাড়ায় যানজট, বাস, মেট্রোর চেনা ভিড়, পার্কিংয়ের ঝামেলা আর রেস্তোরাঁগুলোর লম্বা লাইন। প্যান্ডেল হপিংয়ের ক্লান্তি কাটিয়ে পুজোটাকে আরও একটু ঝঞ্ঝামুক্ত ও আরামদায়ক করতে চাইলে আপনার স্মার্টফোনেই রয়েছে এর সহজ সমাধান। কয়েকটি কাজের অ্যাপ ডাউনলোড করে নিলেই নিমেষে উধাও হবে পুজোর সব দুশ্চিন্তা!

১. রাইড শেয়ারিং অ্যাপ (ক্যাব বুকিং) বাস, মেট্রো বা জনসমুদ্রের মধ্যে হেঁটে প্যান্ডেল হপিং করার ক্লান্তি কাটাতে ভরসা রাখুন ওলা বা উবরের মতো ক্যাব বুকিং অ্যাপগুলিতে। পরিবার কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিন্দাস ক্যাবের ব্যাকসিটে বসে পৌঁছে যান একের পর এক মণ্ডপে। ভিড় এড়িয়ে আয়েশে ঠাকুর দেখার জন্য এই পকেট-ফ্রেন্ডলি বা একটু প্রিমিয়াম যাতায়াত ব্যবস্থা বেশ জুতসই।

২. কলকাতা মেট্রো অ্যাপ (Metro App) পুজোর ক’দিন টিকিটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না! এই ঝঞ্ঝাট এড়াতে আজই ডাউনলোড করে নিন অফিসিয়াল কলকাতা মেট্রো অ্যাপ। স্মার্ট কার্ড রিচার্জ থেকে শুরু করে মেট্রোর সময়সূচি কিংবা লাইভ আপডেট—সবটাই পেয়ে যাবেন হাতের মুঠোয়। এছাড়া মেট্রোয় যাতায়াতের সময় কোনও সমস্যা হলে সরাসরি অ্যাপের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার সুবিধাও রয়েছে।

৩. স্মার্ট পার্কিং এজেন্ট (Smart Parking App) পুজোর সময় কলকাতার রাস্তায় বেরোলেই চোখে পড়ে একের পর এক ‘নো পার্কিং’ বোর্ড। একটু ভুল জায়গায় গাড়ি রাখলেই ট্র্যাফিক পুলিশের খপ্পরে পড়ে মাটি হতে পারে পুরো পুজোটা। এই বিপত্তি এড়াতে ব্যবহার করুন ‘স্মার্ট পার্কিং’ অ্যাপ। গাড়ি থেকে ১ কিলোমিটারের মধ্যে কোথায় পার্কিং লট খালি আছে, ঘণ্টার হিসেব অনুযায়ী তার রেট কত—সব তথ্য এক ক্লিকে জেনেই সরাসরি নেভিগেট করে পৌঁছে যেতে পারবেন সেখানে।

৪. কলকাতা পুলিশ ‘বন্ধু’ অ্যাপ (Kolkata Police Bondhu) প্যান্ডেলের শর্টকাট খুঁজতে গিয়ে অনেক সময় অচেনা বা ফাঁকা গলি দিয়ে হাঁটার সময় নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। পুজোয় সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপটি ফোনে রাখা অত্যন্ত জরুরি। নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর এতে একটি ‘প্যানিক হিটস’ অপশন পাবেন। বিপদে পড়ে ওই অপশনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে খবর চলে যাবে নিকটবর্তী কর্মরত পুলিশকর্মীর কাছে। এককথায় এটি আপনার নিজস্ব সিকিউরিটি গার্ড।

৫. গুগল ম্যাপস ও আর্থ (Google Maps / Earth) কলকাতার কোন এলাকার কোন রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে গেলে ট্র্যাফিক জ্যাম এড়িয়ে তাড়াতাড়ি প্যান্ডেলে পৌঁছানো যাবে—তার নিখুঁত হদিশ দিতে পারে গুগল ম্যাপ। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে পুজোর প্ল্যান শেয়ার করা কিংবা কোন কোন মণ্ডপ এক দিনে ঘুরবেন, তার একটি ডিজিটাল রুট ম্যাপ তৈরি করে নেওয়া খুবই সহজ এই অ্যাপগুলির সাহায্যে।

৬. জোম্যাটো বা সুইগি (Zomato / Swiggy) সারাদিন ঠাকুর দেখার পর নামী দামী রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করার শক্তি কার থাকে! তার চেয়ে প্যান্ডেল হপিং সেরে সোজা বাড়ি ফিরুন। ফোনের এক ক্লিকেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে শহরের সেরা রেস্তোরাঁর সুস্বাদু খাবার হাজির হয়ে যাবে আপনার ডাইনিং টেবিলে।

Follow Us