
ষষ্ঠীর বোধন দিয়ে শুরু পুজো। অবশ্য মহালয়ার পর থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। গত দু বছরের তুলনায় এই বঠর সাধারণ ভাবেই ভিড় বেশি মণ্ডপে। পুজো মানেই টানা চারদিনের ছুটি, প্রচুর প্ল্যানিং। সারা বছর প্রতীক্ষা করে থাকা পুজোর এই দিনটার জন্য। পুজোয় কটা দিন আনন্দে মাতার সুযোগ পেতেই তার আগের দিনগুলোতে একটানা কাজ করে যাওয়া। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, পছন্দের হেয়ারটাকিং, সাজগোজ, শপিং – সে এর হৈ হৈ কাণ্ড। শুধু বাঙালিরাই নন, সারা বিশ্বের অসংখ্য মানুষ মেতে ওঠেন এই পুজোকে ঘিরে। মা আসা মানে সব সমস্যার সমাধান। আলো ঝলমল রাস্তা, নীল আকাশ, কাশের বন, শিউলো বিছানো উঠোন এনে দেয় মায়ের আগমনী বার্তা।
পুজোর চারদিন চার রকমের সাজ চাই-ই একথা আগেই বলেছিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। শ্যুটিং এর চাপ, পুজোর ফটোশ্যুট সব মিলিয়ে তুমুল ব্যস্ততা চললেও নিজেকে সাজিয়ে-গুছিয়ে নিতে কিন্তু ভোলেননি তিনি। তৃতীয়া থেকেই শুরু হয়েছে সৌমিতৃষার পুজো। প্রতিদিন একটা নতুন করে শাড়ি পরছেন তিনি। আর সেই সঙ্গে মেকআপ, হেয়ারস্টাইল তো আছেই। তবে এবছর পুজোয় সৌমিতৃষাকে লাল-সাদা কম্বিনেশনের শাড়িতেই বেশি দেখা যাচ্ছে।
অন্যান্য সব শাড়ি থাকলেও লাল-সাদা রঙটি তুলনাহীন। নতুন নয়, প্রতিবছরই অষ্টমী আর নবমীতে এমন শাড়ির চাহিদা থাকে তুঙ্গে। কটন, সিল্ক, গরদে দেখা যায় এই লাল পাড় সাদা শাড়ি। তবে গত বছর থেকেই ট্রেন্ডিংয়ে এই লাল-সাদা রং। কমবয়সী মেয়েদেরও খুবই পছন্দের এমন শাড়ি। লাল-সাদা কম্বিনেশনের ব্লাউজ, শাড়ি তাই এবার দেদার বিকিয়েছে বাজারে। সৌমিতৃষাও তাই ব্যতিক্রমী নন। তৃতীয়ার দিন লাল নুডলস স্লিপের একটি ব্লাউজের সঙ্গে লাল পাড় সাদা কম্বিনেশনের একটি ধনেখালি শাড়ি পরেছেন। সঙ্গে সিলভারের ঝুমকা আর একহাতে সিলভারের চুড়ি পরেছেন। বড় চুলে টেনে খোঁপা করেছেন। চোখে খুব সুন্দর করে কাজল পরেছেন। এছাড়া একেবারে নো-মেকআপ লুকেই দেখা গিয়েছে তাঁকে। চতুর্থীর দিন ঘিয়ে আর লাল কম্বিনেশনের একটি কোরিয়াল বেনারসি পরেছিলেন তিনি। সঙ্গে সাদা একটু বড় লেন্থের স্লিভলেস ব্লাউজ। কানে ম্যাচিং ড্যাংলার। সামনে আঁচল দিয়ে বেশ কায়দা করে শাড়িটিও পরেছেন তিনি। ষষ্ঠীর সাজে মিঠাই রানি ঠিক যেন মোদক বাড়ির বউ। সিঁথিতে চওড়া করে সিঁদুর, টানা লম্বা নথ, শাঁকা পলা আর খোঁপায় জুইঁয়ের মালা। এই সাজের সঙ্গে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে সৌমিতৃষার লাল শাড়ি আর সাদা হাকোবার ব্লাউজ। আর সাধারণ পরিপাটি সাজেই এবারের মণ্ডপ মাতিয়ে দিলেন সৌমিতৃষা। এমন সাজে আপনিও সাজতে পারেন, নজর ফেরাতে পারবে না কেউই।