
ভাজাভুজি যেখানে, বাঙালি সেখানে। চা-কিংবা কফির সঙ্গে একটু টা না হলে বাঙালির ঠিক জমে না। আর এই টা হিসেবে জুড়ি নেই গোল্ডেন ফ্রায়েড প্রনের (Golden Fried Prawn)। রেস্তোরাঁয় গিয়ে অনেকেই এই পদ অর্ডার করে বসেন। সত্যিই অত্য়ন্ত সুস্বাদু এই পদ। ডিনারে স্টার্টার (Dinner Starter) হিসেবে বা চা-কফির সঙ্গে এই চিংড়ির পদ খেতে ভারী ভাল লাগে। এই বিশেষ চিংড়ির পদের স্বাদ নিতে যে রেস্তোরাঁতে যেতে হবে এমনটা নয়। বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় রেস্তোরাঁর মতো গোল্ডেন ফ্রায়েজ প্রন। শুধু জানতে হবে রেসিপি। আপনার সন্ধ্যের চায়ের আড্ডাটা জমানোর জন্য় রইল রেসিপি।
প্রথমেই দেখে নেওয়া যাক এই পদ বানাতে কী-কী লাগবে
উপকরণ:
৫০০ গ্রাম চিংড়ি মাছ
১ কাপ ময়দা
২ টো গোটা ডিম
১ কাপ ব্রেড ক্রাম্বস
তেল
পরিমাণ মতো নুন
গোলমরিচ গুঁড়ো
স্টেপ ১-
সবার প্রথমে চিংড়ি মাথের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে, তাতে নুন ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রেখে দিন। এভাবে এক থেকে দু’ঘণ্টা রাখুন। তাতে চিংড়ির মধ্য়ে মশলা ভালভাবে উঠবে।
স্টেপ ২-
অন্য একটি পাত্রে ময়দা, নুন ও গোলমরিচের গুঁড়ো মেশান। অন্যদিকে দু’টি ডিম ফেটিয়ে নিন। অন্য আরও একটি পাত্রতে ব্রেড ক্রাম্বসের সঙ্গে সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন।
স্টেপ ৩-
প্রথমে ম্যারিনেট করা চিংড়িগুলো ময়দায় কোট করে নিন। তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করুন। কোট করা হয়ে গেলে থালায় সাজিয়ে এক ঘণ্টা ফ্রিজে রাখুন।
স্টেপ ৪-
কড়াইয়ে তেল গরমে বসান। ডুবো তেল লাগবে। তেল গরম হলে একে-একে চিংড়িগুলো ছাড়তে শুরু করুন। সোনালী করে ভেজে নিন। ব্যাস তৈরি আপনার গোল্ডেন ফ্রায়েড প্রন। সস বা মেয়োনিজ়ের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।