সরু কাচের বোতলে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যাচ্ছে না? এই ৪ ট্রিকস কাজ সহজ করে দেবে
কাচের বোতলের কদর এখন সর্বত্র। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন এই বোতলগুলি পরিষ্কার করার সময় আসে। বিশেষ করে সরু মুখের ডিজাইনার কাচের বোতলগুলির ভেতরের তলায় জমে থাকা শ্যাওলা বা জলের দাগ পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। সাধারণ বোতল পরিষ্কার করার ব্রাশও অনেক সময় সেই সরু মুখ দিয়ে ভেতরে ঢোকে না।

ইদানীং প্লাস্টিক বর্জন করে সুস্থ জীবনযাপনের টানে অনেকেই বাড়িতে কাচের বোতল ব্যবহার করছেন। ফ্রিজে জল রাখা থেকে শুরু করে ডাইনিং টেবিল সাজানো— কাচের বোতলের কদর এখন সর্বত্র। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন এই বোতলগুলি পরিষ্কার করার সময় আসে। বিশেষ করে সরু মুখের ডিজাইনার কাচের বোতলগুলির ভেতরের তলায় জমে থাকা শ্যাওলা বা জলের দাগ পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। সাধারণ বোতল পরিষ্কার করার ব্রাশও অনেক সময় সেই সরু মুখ দিয়ে ভেতরে ঢোকে না।
কাচের বোতলের ভেতরের নোংরা ও জেদি দাগ পরিষ্কার করতে গিয়ে যদি আপনিও নাজেহাল হন, তবে রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান ব্যবহার করে দেখতে পারেন। এই ৪টি সহজ ট্রিকস আপনার মুশকিল আসান করে দেবে নিমেষেই।
যেসব বোতলের মুখ এতটাই সরু যে ব্রাশ ঢোকে না, সেগুলির জন্য এই পদ্ধতিটি জাদুকরী কাজ করে। বোতলের ভেতরে এক মুঠো কাচা চাল দিন। এবার তাতে কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিকুইড সোপ এবং অল্প ইষদুষ্ণ জল ঢালুন। বোতলের মুখ হাত দিয়ে চেপে ধরে বা ছিপি আটকে মিনিটখানেক জোরে জোরে ঝাঁকান (Shake)। ভেতরের চালগুলি স্ক্রাবারের কাজ করবে এবং কাচের গায়ে লেগে থাকা সমস্ত নোংরা ঘষে তুলে দেবে। এরপর জল দিয়ে ধুয়ে নিলেই বোতল চকচকে!
কাচের বোতলে অনেক সময় জলের সাদাটে দাগ বা হালকা গন্ধ থেকে যায়। এর সমাধানে বোতলের ভেতরে এক চামচ বেকিং সোডা এবং দুই চামচ সাদা ভিনিগার ঢালুন। এই দুটি উপাদান একসঙ্গে মিশলে বুদবুদ তৈরি হবে। এবার বোতলের বাকি অংশটা হালকা গরম জলে ভর্তি করে দিন। আধ ঘণ্টা এভাবে রেখে দেওয়ার পর বোতলটি ঝাঁকিয়ে জল ফেলে দিন এবং পরিষ্কার ঠাণ্ডা জলে ধুয়ে নিন। দাগ ও গন্ধ দুই-ই উধাও হবে।
শুনতে অবাক লাগলেও, খবরের কাগজ কাচ পরিষ্কার করতে দারুণ সাহায্য করে। খবরের কাগজের ছোট ছোট টুকরো করে বোতলের ভেতরে ঢুকিয়ে দিন। এবার তাতে এক চামচ বড় দানার নুন ও সামান্য জল দিন। বোতলটি ভালো করে ঝাঁকালেই কাগজের টুকরো আর নুনের ঘর্ষণে ভেতরের কোণায় জমে থাকা শ্যাওলা বা ময়লা অনায়াসে পরিষ্কার হয়ে যাবে।
যদি বোতলের ভেতরে তেল চিটচিটে ভাব বা শ্যাওলার হালকা আস্তরণ জমে, তবে একটি পাতিলেবুর রস বোতলের ভেতর চিপে দিন। চাইলে লেবুর খোসাটি ছোট ছোট টুকরো করে ভেতরে ফেলে দিতে পারেন। এবার বোতলে সামান্য গরম জল ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিন। লেবুর সাইট্রিক অ্যাসিড কাচের ভেতরের তেলতেলে ভাব পুরোপুরি কেটে দেবে এবং বোতল থেকে একটি সুন্দর ফ্রেশ গন্ধ বেরোবে।
কাচের বোতল ধোয়ার পর কখনই মুখ বন্ধ করে রাখবেন না। বোতলটি উপুড় করে জল ঝরিয়ে নিন এবং সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তবেই ছিপি আটকান। এতে বোতলে নতুন করে কোনও ভ্যাপসা গন্ধ তৈরি হবে না।
