Ganesh Puja: একেবারে ঘরের মেয়ে! সলমনের পরিবারের সঙ্গে পুজোর আরতি করলেন লুলিয়া
Salman Khan girlfriend: সলমন খানের বাড়ির গণপতি বিসর্জনে নজর কাড়লেন ভাইজানের বিশেষ বান্ধবী লুলিয়া ভান্তুর। পরিবারের সবার সঙ্গে মিলে বাপ্পার আরতি করতে দেখা গেল তাঁকে। বাপ্পাকে বিদায় জানানোর সময় মন খারাপ থাকলেও, সলমানের রসবোধ সবার মুখে হাসি ফুটিয়েছে। কী ঘটিয়েছেন ভাইজান?

সলমন খান (Salman Khan) মানেই উৎসবের আনন্দে একটা আলাদা চমক। প্রতি বছরের মতো এবারও খান পরিবারে গণেশ পুজোর ধুম ছিল চোখে পড়ার মতো। ভাই সোহেল খানের বাড়িতে বসেছিল এই আসর। আর সেখানেই গণপতি বিসর্জনে ভাইজানের এক মজার কাণ্ড এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। বাপ্পাকে বিদায় জানানোর সময় মন খারাপ থাকলেও, সলমানের রসবোধ সবার মুখে হাসি ফুটিয়েছে।
সোহেল খানের বাড়িতে বাপ্পাকে বিদায় জানাতে হাজির ছিল গোটা খান পরিবার। আরবাজ খান, অর্পিতা থেকে শুরু করে পরিবারের অনেকেই সেখানে ছিলেন। ছোট্ট ভাইঝি আয়াত শর্মার (অর্পিতা ও আয়ুশ শর্মার মেয়ে) সঙ্গে দারুণ সময় কাটাতে দেখা গিয়েছে সলমনকে। তবে সবার নজর কাড়েন ভাইজানের লুলিয়া বান্ধবী ইউলিয়া ভান্তুর (Iulia Vantur)। সলমানের পরিবারের যে কোনও উৎসবেই তাঁকে দেখা যায়। এবারও তিনিই ভক্তি ভরে বাপ্পার আরতি করলেন। আর এই অনুষ্ঠানে সলমনের মাথায় ছিল একটা স্টাইলিশ ব্যান্ডানা, যা তাঁর লুকে একটা আলাদা মাত্রা যোগ করেছিল।
ইউলিয়ার আরতির পাশাপাশি আরও একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ নজর কেড়েছে। বিসর্জনের আগে বাপ্পার আশীর্বাদ নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সলমান। তাঁর ঠিক আগেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে একমনে প্রার্থনা করছিলেন অভিনেতা বরুণ শর্মা। ‘ফুকরে’ ছবির ‘চুচা’ চরিত্র দিয়ে যিনি দারুণ জনপ্রিয়। বরুণ বেশ অনেকটা সময় নিচ্ছিলেন। তা দেখেই পিছন থেকে মজা করে সলমান বলে ওঠেন, “আর কত বর চাইবি?” ভাইজানের এই কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠেন। বরুণ নিজেও হাসি থামাতে পারেননি। সলমনকে দেখেই তিনি পা ছুঁয়ে প্রণামও করেন। দুই অভিনেতার এই মিষ্টি আড্ডার ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে।
কাজের কথায় এলে, সলমানকে শেষবার দেখা গিয়েছে ‘সিকান্দর’ ছবিতে। এর পাশাপাশি ‘রাজা শিবাজি’ ও ‘৭ ডগস’-এ ক্যামিও চরিত্রে ছিলেন তিনি। তবে ভক্তদের জন্য আরও বড় খবর রয়েছে। আগামী দিনে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে ভারতীয় সেনার কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে তাঁকে দেখা যাবে। এছাড়া, ২০২৭ সালের ঈদে পরিচালক বামশি পৈডিপল্লির অ্যাকশন ছবি ‘এসভিসি৬৩’ (SVC63)-তে নয়নতারার বিপরীতে পর্দায় আসবেন তিনি। শোনা গিয়েছে ‘কিক ২’-এর কাজও চলছে জোরকদমে। সব মিলিয়ে আগামী দিনে বক্স অফিসে যে ভাইজানের রাজত্ব চলবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
