zero waste kitchen hacks: এই কায়দাগুলো জানলে লেবুর খোসা আর ডাস্টবিনে ফেলবেন না
Lemon peel magic: ফেলে দেওয়ার আগে ভাবুন! রস নিংড়ে নেওয়া পাতিলেবুর ছিবড়ে রান্নাঘরের কোন ৪টি কঠিন সমস্যার মুশকিল আসান করতে পারে, জেনে নিন এই প্রতিবেদনে। জানলে আর ফেলবেন না। কী কী করবেন? জেনে নিন

গরমে এক গ্লাস ঠান্ডা লেবুর জল (Lemon Water) কিংবা ডাল-ভাতের পাতে একটু পাতিলেবু না হলে যেন বাঙালির চলেই না। ভিটামিন সি-তে ভরপুর এই ফলটি যেমন শরীরের ক্লান্তি দূর করে, তেমনই খাবারে আনে এক দারুণ স্বাদ। কিন্তু মুশকিল হল, রান্নায় বা শরবতে রসটুকু নিংড়ে নেওয়ার পরেই আমাদের হাত চলে যায় ডাস্টবিনের দিকে। খোসা বা ছিবড়েটার জায়গা হয় আবর্জনার স্তূপে। তবে এবার থেকে এই অভ্যাস বদলে ফেলার সময় এসেছে। রান্নাঘরের একাধিক কঠিন ও জেদি সমস্যা এক নিমেষে দূর করতে পারে এই বাতিল লেবুর ছিবড়েই। কৃত্রিম কেমিক্যালের বদলে ঘরোয়া উপায়ে ঘরকন্নার কাজ সামলাতে এর চেয়ে ভালো বিকল্প আর কী-ই বা হতে পারে! জেনে নিন ফেলে দেওয়া লেবুর খোসাকে কীভাবে কাজে লাগাবেন?
বাসনের আঠালো পোড়া দাগ সাফ করতে
অনেক সময়ই তরকারি বা দুধ ফোটাতে গিয়ে বাসনের তলায় পোড়া দাগ লেগে যায়। সাধারণ লিকুইড সোপ বা সাবান দিয়ে ঘষলেও সেই আঠালো কালচে ভাব দূর হতে চায় না। আবার তারের জালি দিয়ে জোর খাটাত গেলে সাধের বাসনে স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় থাকে। এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে লেবুর খোসায়। রস নিংড়ানো লেবুর ছিবড়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে কিছুটা বেকিং সোডা মিশিয়ে পোড়া বাসনে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে ঘষে নিন। যত জেদি দাগই হোক না কেন, তা নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে।
রুপোর গয়না ও বাসন ঝকঝকে করতে
বাতাসে থাকা সালফারের সংস্পর্শে এসে রুপোর অলংকার কিংবা বাসনপত্রে দ্রুত একটা কালচে বা ধূসর আস্তরণ পড়ে যায়। এই পুরনো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে পাতিলেবুর ছিবড়ে দারুণ কার্যকরী। নিংড়ানো লেবুর খোসা কুচিয়ে নিয়ে তার সঙ্গে বেশ খানিকটা নুন মিশিয়ে একটা প্রাকৃতিক স্ক্রাবার তৈরি করে ফেলুন। এবার এই মিশ্রণটি দিয়ে রুপোর জিনিসপত্রের ওপর হালকা হাতে ঘষুন। ঘষা শেষ হলে হালকা ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে মুছে নিলেই কেল্লাফতে! রুপোর জিনিস আবার নতুনের মতো চকচক করে উঠবে।
তেলচিটে ভাব ও গন্ধ দূর করতে
মাছ-মাংস রান্নার পর বাসনে চটচটে তেল যেমন বসে যায়, তেমনই একটা আঁশটে গন্ধও থেকে যায়। অনেক সময় সাবান দিয়ে দু-তিনবার ধোয়ার পরেও সেই তেলচিটে ভাব পুরোপুরি কাটে না। এই পরিস্থিতি সামাল দিতে একটা বড় পাত্রে বেশ খানিকটা গরম জল নিন। এবার তাতে ফেলে দিন রস নিংড়ানো লেবুর খোসাগুলো। খোসার গায়ে সামান্য রস লেগে থাকলে আরও ভালো কাজ হবে। এই গরম জলে তেলচিটে বাসনগুলো অন্তত ২০ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড চর্বি ও তেলকে সহজেই গলিয়ে দেয়। এরপর সাধারণ ঠান্ডা জলে ধুয়ে নিলেই বাসন হবে একদম পরিষ্কার আর বাসনের আঁশটে গন্ধও দূর হয়ে যাবে।
তৈরি করুন ন্যাচারাল ক্লিনিং স্প্রে
বাজারচলতি দামি ক্লিনিং স্প্রে-র রাসায়নিক সুগন্ধ অনেকেরই সহ্য হয় না। সেক্ষেত্রে লেবুর ছিবড়ে দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন সুগন্ধী ন্যাচারাল স্প্রে। লেবুর খোসার সঙ্গে ভিনিগার মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর সেই মিশ্রণে কিছুটা ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। রান্নাঘরের স্ল্যাব, ডাইনিং টেবিল কিংবা ঘরের যে কোনও ধাতব আসবাব ও শো-পিস পরিষ্কার করতে এই তরলটি স্প্রে ব্যবহার করুন। ঘর মোছার জলেও এটি ব্যবহার করা যায়, যা মাছি-পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করবে।
