Science Facts: মাছের মুখ দখল করে জিভ খেয়ে ফেলে, তারপর… সমুদ্রের এই প্রাণীর কীর্তি জানলে চমকে উঠবেন!
Cymothoa exigua: সমুদ্রের গভীরে এমন এক প্রাণী আছে, যা ফুলকা দিয়ে মাছের মুখে ঢুকে পড়ে। তারপর আসল জিভটা খেয়ে নিজেই জিভ হয়ে সারা জীবন সেখানেই থেকে যায়! জানুন এই অদ্ভুত পরজীবীর গল্প।

সমুদ্রের গভীর জলে কত যে অবাক করা কাণ্ড ঘটে, তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। তেমনই এক অদ্ভুত প্রাণীর নাম সাইমোথোয়া এক্সিগুয়া (Cymothoa exigua)। এদের কাজকারবার শুনলে রীতিমতো চমকে উঠবেন। এরা সোজা মাছের মুখের ভেতর ঢুকে পড়ে। তারপর মাছের আসল জিভটা খেয়ে ফেলে নিজেই জিভ হয়ে বসে থাকে! তবে ভয় পাবেন না। যাঁরা সাগরে বা নদীতে সাঁতার কাটেন, তাঁদের কোনও বিপদ নেই। এই পরজীবী শুধু মাছদেরই নিশানা বানায়।
সাধারণ মানুষ এদের ‘জিহ্বাখেকো লাউস’ বলেই চেনে। লম্বায় খুব বেশি নয়, মাত্র ০.৩ থেকে ১.১ ইঞ্চি। কিন্তু চেহারা দেখলে মনে হবে যেন ভিনগ্রহ থেকে এসেছে! পুরো শরীর শক্ত খোলসে ঢাকা। আর রয়েছে সাত জোড়া শক্তপোক্ত পা। কোনও কিছুকে শক্ত করে আঁকড়ে ধরতে আর ছিঁড়ে ফেলতে এই পা-গুলো দারুণ কাজ করে। পূর্ব প্রশান্ত মহাসাগরের গরম জলে এদের বেশি দেখা যায়। বিশেষ করে ক্যালিফোর্নিয়া থেকে ইকুয়েডরের উপকূলে এদের বসবাস।
কীভাবে মাছের মুখ দখল করে?
জীবনের শুরুতে এরা স্বাধীনভাবে সাগরের তলায় সাঁতার কেটে বেড়ায়। এই অবস্থাকে বলে ‘মানকা’। তখন এদের একটাই লক্ষ্য, এমন একটা মাছ খুঁজে বের করা, যার মুখে সারা জীবন আরামে থাকা যাবে। স্নাইপার, গ্র্যান্ট আর ড্রামস জাতের মাছ এদের সবচেয়ে পছন্দের। পছন্দমতো মাছ পেলেই তার ফুলকার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। সুযোগ বুঝেই ফুলকা দিয়ে সোজা ঢুকে পড়ে মুখে।
মুখে ঢুকেই শুরু হয় আসল খেলা। মাছ বিপদ বুঝে ছোটাছুটি করলেও লাভ হয় না। সাত জোড়া শক্ত পা দিয়ে পরজীবীটি জিভটাকে চেপে ধরে। এরপর জিভের রক্ত চলাচলের নালিগুলো কেটে দেয়। রক্ত না পেয়ে কিছুদিনের মধ্যেই মাছের আসল জিভ শুকিয়ে খসে পড়ে। ব্যস, তখনই জিভের বাকি অংশের সঙ্গে নিজেকে জুড়ে নেয় এই পরজীবী। হয়ে ওঠে মাছের নতুন জিভ! মাছও সেই নতুন জিভকে রক্ত আর লালা জোগাতে থাকে। আর তা খেয়েই দিব্যি বেঁচে থাকে এই প্রাণী। অবাক করা ব্যাপার হল, বেশিরভাগ মাছ এই নতুন জিভের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই বেঁচে থাকে।
কী বলছেন বিজ্ঞানীরা?
প্রকৃতির এই অদ্ভুত কৌশল নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। ২০১২ সালে লিনিয়ান সোসাইটির বায়োলজিক্যাল জার্নালে এদের নিয়ে একটি গবেষণাপত্র বের হয়। বিজ্ঞানীরা মনে করেন, এদের বংশবিস্তার ও জীবন নিয়ে আরও জানার বাকি রয়েছে। সারা বিশ্বে এদের প্রায় ১০০টি প্রজাতি আছে, যাদের আটটি বর্গে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘সাইমোথোয়া’ আর ‘সেরাটোথোয়া’ সবচেয়ে পরিচিত। তবে ‘সেরাটোথোয়া’ বেশ ক্ষতিকর, এরা মাছের শরীর থেকে পুষ্টি শুষে নেয়। ২০০৫ সালে প্রথমবার যুক্তরাজ্যে এই সাইমোথোয়া এক্সিগুয়া পরজীবীর খোঁজ মিলেছিল।
