Relationship Tips: ঘড়ি ধরে সঙ্গম, রুটিন করে আদর, এতে কি বাড়ছে মানসিক চাপ? জেনে নিন কী করবেন, কী করবেন না
Mental Well Being Intimacy Pressure: সন্তান ধারণের চেষ্টায় থাকা দম্পতিদের কাছে ‘ফার্টাইল উইন্ডো’ বা ঋতুচক্র বুঝে উর্বর সময় বুঝে সহবাসের পরিকল্পনা করা খুব স্বাভাবিক ও গোছানো একটি উপায় মনে হতে পারে। কিন্তু ঘনিষ্ঠতা যখন শুধুই দিনক্ষণ, অ্যাপের অ্যালার্ট আর ঘড়ির কাঁটার হিসাবের মধ্যেই আটকে যায়, তখন তা আর আনন্দের থাকে না— ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়।

কাজ, দায়িত্ব, কেরিয়ার। সঙ্গে সেভিংসের চিন্তা। এই সবের জাঁতাকলে পড়ে ইদানিং স্বামী-স্ত্রীর শরীরী মিলনও যেন ধুঁকছে। ঘড়িতে অ্য়ালার্ম, শিডিউলে টিক মার্ক দিয়েই যেন চলছে শরীরী উষ্ণতা ভাগ করে নেওয়া। তার উপর জীবনে দুই থেকে তিন হওয়ার চাপ! হ্য়াঁ, নতুন এক বিপাকে পড়েছেন দম্পতিরা। সন্তান ধারণের চেষ্টায় থাকা দম্পতিদের কাছে ‘ফার্টাইল উইন্ডো’ বা ঋতুচক্র বুঝে উর্বর সময় বুঝে সহবাসের পরিকল্পনা করা খুব স্বাভাবিক ও গোছানো একটি উপায় মনে হতে পারে। কিন্তু ঘনিষ্ঠতা যখন শুধুই দিনক্ষণ, অ্যাপের অ্যালার্ট আর ঘড়ির কাঁটার হিসাবের মধ্যেই আটকে যায়, তখন তা আর আনন্দের থাকে না— ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়। ফার্টিলিটি ট্র্যাকিংয়ের ধকল নারীদের যেমন পোহাতে হয়, তেমনই পুরুষদের মনেও ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’ বা নিজেদের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা জমতে পারে। বিশেষ করে যখন মনে হয়, সন্তান আসতে গেলে ঠিক নির্দিষ্ট সময়েই সবকিছু নিখুঁতভাবে হতে হবে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
কেন তৈরি হয় পারফরম্যান্স অ্যাংজাইটি?
নিজের প্রত্যাশা অনুযায়ী যৌন সক্ষমতা দেখাতে না পারার ভয় বা চাপকেই পারফরম্যান্স অ্যাংজাইটি বলে। সন্তান নেওয়ার চেষ্টার সময় অনেক পুরুষের মনে এমন চাপ তৈরি হয় যে, ঠিক সময়ে ইরেকশন বা উত্থান হতে হবে ও তা ধরে রাখতে হবে, সঠিক সময়ে বীর্যপাত ঘটতে হবে এবং প্রতিবারই যেন সফল হতে হবে। কোনও শারীরিক সমস্যা না থাকলেও এই মানসিক চাপ যৌন সাড়ায় বাধা দিতে পারে। সাধারণত ওভুলেশনের আগের পাঁচ দিন এবং ওভুলেশনের দিনটিকে ফার্টাইল উইন্ডো ধরা হয়। এই অল্প ক’টা দিনের হিসাব দম্পতিদের মধ্যে তাড়াহুড়ো বাড়ায়। ঘনিষ্ঠতা যখন একরকম রুটিন বা ‘কাজ’-এর মতো হয়ে যায়, তখন অনেক পুরুষ ভালোবাসা ও ঘনিষ্ঠতার বদলে সন্তান আসার সাফল্যের সঙ্গে নিজেদের পারফরম্যান্সকে জুড়ে ফেলেন।
আত্মবিশ্বাসে কীভাবে আঘাত লাগে?
পরপর চেষ্টার পরেও সুখবর না এলে হতাশা ও নিজের ওপর সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। চাপের মুখে ইরেকশন বা বীর্যপাতে অসুবিধা হলে অনেকে নিজের সক্ষমতা নিয়েই দুশ্চিন্তায় ভোগেন। এখান থেকেই জন্ম নেয় ‘অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি’— ভালোভাবে মিলিত না হওয়ার ভয় থেকেই সমস্যার ঝুঁকি আরও বেড়ে যায়। এর প্রভাব পড়ে যৌন ইচ্ছা, ঘুম এবং মনের ওপর। সময়ের সঙ্গে কেউ কেউ মিলন এড়িয়ে চলতে শুরু করেন, কারণ তাঁদের কাছে বিষয়টি তখন চাপ, মন খারাপ বা ব্যর্থতার ভয়ের সঙ্গে জড়িয়ে যায়। সন্তান পাওয়ার আকাঙ্ক্ষায় দু’জনেই যখন আবেগপ্রবণ, তখন এ ধরনের দূরত্ব বা চাপ থেকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।
ওভুলেশনের কাছাকাছি সময়ে মিলন হলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে ঠিকই, কিন্তু সেটাই সম্পর্কের সবকিছু হওয়া উচিত নয়। দু’জনে খোলামেলা কথা বলুন এবং মনে রাখুন, দু’জন সুস্থ থাকলেও গর্ভধারণের জন্য কয়েক মাস বা একাধিক সাইকেল সময় লাগতে পারে। বেশিরভাগ দম্পতির ক্ষেত্রে ফার্টাইল উইন্ডোর মধ্যে প্রতি এক-দুই দিন অন্তর মিলনই যথেষ্ট; একেবারে ঘড়ি ধরে নির্দিষ্ট ঘণ্টায় করার দরকার নেই। ফার্টাইল উইন্ডোর বাইরের দিনগুলোতেও ঘনিষ্ঠতা রাখলে মনের ও শরীরের যোগসূত্র অটুট থাকে। একে অপরকে দোষ দেওয়া, কটাক্ষ করা বা বারবার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা থেকে দূরে থাকাই ভালো।
ইরেকশনের সমস্যা, যৌন ইচ্ছা কমে যাওয়া বা বীর্যপাতের সমস্যা যদি বেশ কিছুদিন ধরে চলতেই থাকে, তবে শুধু মানসিক চাপ ভেবে বসে না থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। পরীক্ষা-নিরীক্ষায় হরমোনের গন্ডগোল, ডায়াবেটিস, কোনও ওষুধের প্রভাব বা ইরেকটাইল ডিসফাংশনের মতো কারণ সামনে আসতে পারে। পারফরম্যান্সের চাপ কাটাতে কাউন্সেলিং বা সেক্স থেরাপিও বেশ কাজে দেয়। সবশেষে, সন্তান ধারণের এই যাত্রা হওয়া উচিত দু’জনের একসঙ্গে পথচলা— কোনও পারফরম্যান্সের পরীক্ষা নয়। উর্বর সময় বোঝার পাশাপাশি নিজেদের মানসিক শান্তি ও সম্পর্কের উষ্ণতা বাঁচিয়ে রাখাও সমান জরুরি।
