৩৩ বছর পর ট্রফি জয়ের দোরগোড়ায় আর্সেনাল !
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে লিগ টেবলের মগডালে মিকেল আর্তেতার দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও শীর্ষে আর্সেনাল। গ্ৰুপ পর্বে ৮ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছেন সাকা-রাইসরা। এর সঙ্গেই আর্সেনাল ইএফএল কাপ বা কারাবাও কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল।

কলকাতা : তেত্রিশ বছর ধরে কেউ কথা রাখেনি। তেত্রিশ বছর পর কেউ কি কথা রাখবে? আর্সেনাল কথা রাখতে চাইছে। এমন সুখের সময় বহুদিন দেখেনি আর্সেনাল সমর্থকেরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে লিগ টেবলের মগডালে মিকেল আর্তেতার দল। ২৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৩। পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও শীর্ষে আর্সেনাল। গ্ৰুপ পর্বে ৮ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছেন সাকা-রাইসরা। এর সঙ্গেই আর্সেনাল ইএফএল কাপ বা কারাবাও কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল।
১৯৯৩ সালে শেষবার লিগ কাপ জিতেছিল আর্সেনাল। তারপর থেকে তিনবার ফাইনাল খেললেও দলকে ট্রফি দিতে পারেননি আর্সেন ওয়েঙ্গার। এই বছর লিগ কাপ জেতার ক্ষেত্রে আর্সেনালের সবচেয়ে বড় প্রতিপক্ষ ম্যান সিটি। দুই লেগ মিলিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-১ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সিটিজেনরা। অন্যদিকে চেলসির বিরুদ্ধে প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকা আর্সেনাল দ্বিতীয় লেগে জয়লাভ করে ১-০ ব্যবধানে। ইনজুরি টাইমে একমাত্র জয়সূচক গোলটি করেন কাই হ্যাভার্টজ। ওয়েম্বলিতে এই দুই দল ফাইনালে নামতে চলেছে ২২ মার্চ।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটন ঘটায় আর্সেনাল। কিন্তু শেষমেষ ট্রফি জিততে ব্যর্থ হয় তারা। দলের ম্যানেজার মিকেল আর্তেতার কথায়, শেষ ৫ বছর কোন ট্রফি পায়নি দল। তাই ট্রফি জেতাতেই তাঁর যত ফোকাস। ক্লাবের সমর্থকরাও অনেক দিন ফুটবলারদের পারফরম্যান্সে খুশি। ৩৩ বছর পর লিগ কাপ জিতলে দল উৎসব হবে দীর্ঘমেয়াদি। তার সঙ্গে যদি ইপিএল জুড়ে যায়, তা হলে তো কথাই নেই।
