Narendrapur OC Transfer Before Elections: কমিশনে গিয়েছিল বিজেপি, ভোটের মুখে সরিয়ে দেওয়া হল নরেন্দ্রপুর থানার ওসিকে
Election Commission removes Narendrapur OC: দীর্ঘদিন ধরেই নরেন্দ্রপুর থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আসছিল বিরোধী শিবির। বিশেষ করে বিজেপি নেতারা এই ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) লিখিত অভিযোগও দায়ের করেছিল।

নরেন্দ্রপুর: নির্বাচনের প্রাক্কালে ফের ওসি বদল। এবার দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ থানা নরেন্দ্রপুরের ওসি (OC) বদল করা হল। সরিয়ে দেওয়া হয়েছে বর্তমান ওসি সুরেন্দ্র সিং-কে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিৎ বিষ্ণুকে।
দীর্ঘদিন ধরেই নরেন্দ্রপুর থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আসছিল বিরোধী শিবির। বিশেষ করে বিজেপি নেতারা এই ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) লিখিত অভিযোগও দায়ের করেছিল। বিজেপির অভিযোগ, সুরেন্দ্র সিং শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতমূলক কাজ করছিলেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, অর্থের বিনিময়ে বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। একইসঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতাদের অনৈতিকভাবে সহযোগিতা করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল।
ওসি পরিবর্তনের খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিজেপি প্রার্থীর সাফ কথা, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিলেই অপরাধ কমে যায় না। এই ওসি যে ধরনের দুর্নীতি ও পক্ষপাতিত্বের সাথে যুক্ত ছিলেন, তার জন্য তাঁকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের ময়দানে পুলিশ যাতে কোনও বিশেষ দলের হয়ে কাজ না করতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। নতুন ওসি প্রসেনজিৎ বিষ্ণু দায়িত্ব নেওয়ার পর এলাকার আইনশৃঙ্খলার কী পরিবর্তন ঘটে, এখন সেটাও দেখার।
