
কলকাতা: আসছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই ঢাকে কাঠি পড়ল শতাব্দীপ্রাচীন আইএফএ শিল্ডের। গতকালই কলকাতার তিন প্রধান ক্লাবের এক প্রধান ক্লাব মহমেডান এসসি জানিয়েছিল, তারা এবার শিল্ড বয়কট করছে। তাদের অভিযোগ, কলকাতা লিগের শেষ ম্যাচে অন্যায় ভাবে জিতেছে মোহনবাগান এসজি। তাই তারা প্রতিবাদে খেলবে না শিল্ড। মহমেডান সরে যাওয়ার পরেই আইএফএ শিল্ডের সূচি প্রকাশ করে দিল আইএফএ।
মোট ৬টি ক্লাব খেলছে এই বছরের আইএফএ শিল্ড। গ্ৰুপ ১-এ আছে মোহনবাগান এসজি, শ্রীনিধি ডেকান, নর্থইস্ট ইউনাইটেড ও গ্ৰুপ ২তে আছে ইস্টবেঙ্গল, কলকাতা কাস্টমস ও পাঞ্জাব এফসি। মহমেডান এসসির বদলে খেলবে কলকাতা কাস্টমস। ২৩ সেপ্টেম্বর নিজেদের ক্লাবের মাঠে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। ২৯ সেপ্টেম্বর নিজেদের মাঠেই খেলতে নামবে মোহনবাগান এসজি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। ৩০ সেপ্টেম্বর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুই ক্লাবই নিজেদের সব ম্যাচ খেলবে নিজেদের মাঠে। গ্ৰুপ পর্বের সব ম্যাচ শুরু হবে বিকাল ৩টে নাগাদ।
মোট ৬ দল, সেখান থেকে সেমিফাইনাল খেলবে ৪ দল। ৪ অক্টোবর একই দিনে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচগুলির ভেন্যু ও সময় এখনও জানানো হয়নি। দুই সেমি ফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। ফাইনালের তারিখ, ভেন্যু, সময় কিছুই বলেনি আইএফএ। গ্ৰুপ পর্বে দেখা হবে না দুই প্রধানের। সূত্রের খবর, ইস্টবেঙ্গল দলের হেডকোচ হাবাস চান না আইএফএ শিল্ডের জন্য পূর্ণশক্তির দল নামাতে। তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব সম্ভবত, কলকাতা লিগে এই বছর খেলা অনেক ফুটবলারকে আইএফএ শিল্ডে খেলতে দেখা যেতে পারে।