
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেন অনেক ক্রিকেটারের মুশকিল আসান। বরাবর তিনি তরুণ ক্রিকেটারদের শিক্ষকের ভূমিকা পালন করেছেন। সতীর্থদের প্রয়োজনে ঢালাও পরামর্শ দিয়েছেন। এমনকি তিনি মাঠে থাকলে টিম ইন্ডিয়ার অনেক বোলার ক্রিজে থাকা ব্যাটারকে শুধুই বল করতেন। আর তাঁদের আউট হওয়ার পরিকল্পনা বানাতেন ধোনি। সম্প্রতি দেশের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav) তাঁর জীবনে ধোনির অবদানের কথা জানিয়েছেন।
কুলদীপের মতে, ধোনি অবসর নেওয়ার পর তাঁর পারফরম্যান্সে অবনতি হয়েছিল। মাহি ক্যাপ্টেন থাকলে হয়তো পারফরম্যান্সের দিক থেকে অবনতি তাঁর হত না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ বলেন, ‘আমি চেয়েছিলাম ধোনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাক। ধোনি অবসর নেওয়ার পর বল হাতে আমার পারফরম্যান্স খারাপ হয়ে গিয়েছিল। এমনটা ঠিক তখন হয়, যখন একটা মানুষ তোমাকে সর্বক্ষণ গাইড করে, পথ দেখায়। আর হঠাৎ করে যখন তাঁর প্রভাব আর থাকে না, তখন সবকিছু আর তোমার হাতে থাকে না। ওই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়াটাও যেন কঠিন হয়ে ওঠে। আমার সঙ্গেও সেটাই হয়তো হয়েছিল। ধীরে ধীরে নিজেকে বোঝাই এবং আবার ছন্দে ফিরি।’
তাঁর জীবনে ধোনির অবদানের কথা বলতে গিয়ে কুলদীপ বলেন, ‘মাহি ভাই যখন উইকেট কিপিং করত, আমি এবং চাহাল তখন দারুণ উপভোগ করতাম। কারণ, ওই সময় ও এত পরামর্শ দিত যে আমাকে বল করার সময় বেশি ভাবতেও হত না। শুধু বোলিংটাই ভালো করে করতাম। বল করা ছাড়া আমার আর কোনও কাজ থাকত না। ফিল্ডিংও মাহি ভাই সাজিয়ে দিত। তাই এ কথা বলতেই হয় মাঠে ও মাঠের বাইরে আমি ধোনি ভাইয়ের সঙ্গে যে সময় কাটিয়েছি তা সেরা।’
আসন্ন আইপিএলে এ বার ফের মহেন্দ্র সিং ধোনি ও কুলদীপ যাদবকে একসঙ্গে দেখা যাবে। অবশ্য এক টিমে নয়। দিল্লি ক্যাপিটালসের হয়ে নামবেন কুলদীপ। আর ধোনি নামবেন সিএসকের হয়ে।