
কলকাতা : এই মুহূর্তে তিনিই দেশের উদীয়মান তারকা। সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এই সিজনে ১৭ ম্যাচে নিয়েছেন ৬০ উইকেট। আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে তার আগে নিজেকে নিয়ে যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ তিনি। খেলতে চান দেশের জার্সিতে। ঘরোয়া মরসুমের পর একই পারফরম্যান্স করতে চান আইপিএলেও, জানালেন জম্মু কাশ্মীরের বোলার আকিব নবি।
আইপিএলে তাঁকে দিল্লি কিনেছে প্রায় ৯ কোটি টাকায়। নবি নিজের লক্ষ্যে অবিচল। তাঁর কথায়,”আমার কাছে অর্থ কোনও ব্যাপার নয়। আমি আইপিএলে খেলতে চাই। এতে যদি কেউ আমাকে আমার বেস প্রাইস অর্থাৎ ৩০ লক্ষ তাকে কিনত, তাহলেও আমার কোনও অসুবিধে ছিল না। দিল্লিকে নিয়ে কি পরিকল্পনা নবির ? “আমি খুব খুশি যে দিল্লি আমাকে ৮.৪০ কোটি টাকা দিয়ে কিনেছে। নিলাম চলাকালীন বাড়িতে ছিলাম কারণ তার পরের দিন আমাদের বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুতি নিতে যেতে হত। যখন আমার নাম ঘোষণা হল ও আমাকে দিল্লি কিনল, তখন অনেকেই আবেগতাড়িত হয়ে গিয়েছিল। এটা অনেক পরিশ্রমের ফল। পরিবারের লোককে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে আমি নিজেও নিজেকে সামলাতে পারিনি।” মত এই পেসারের।
তবে আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না তিনি। চান, শুরু থেকেই নিজেকে কঠোর পরিশ্রমে বেঁধে ফেলতে। বললেন,”আইপিএল খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। গোটা বিশ্ব এখানে আপনাকে নজরে রাখে। দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমি নিজেকে প্রস্তুত রাখব যাতে দলের যেকোনও প্রয়োজনে কাজে লাগতে পারি। দিনের শেষে দেশের হয়ে খেলতে চাই। দেশের জার্সি পরে মাঠে নামতে চাই। সেটাই আমার প্রধান লক্ষ্য। তবে, এখন আমার মূল ফোকাস আইপিএলে। সুযোগ পেলে নিজের সবটা উজাড় করে দেব।”
১ এপ্রিল লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। লখনৌয়ের অধিনায়ক প্রাক্তন দিল্লির ক্রিকেটার ঋষভ পন্থ। রঞ্জি ট্রফিতে তাঁর ঘাতক ফর্মে থাকা বিফলে যায়নি। প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি জিতেছে তাঁর দল জম্মু ও কাশ্মীর। তারপরেই চর্চার মূলকেন্দ্রে আকিব নবি। রঞ্জির মতো আইপিএলেও একইভাবে ফর্ম বজায় থাকুক তাঁর, চাইছেন নবি।