Dinesh Karthik: সাবাশ ডিকে, স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের বিশ্বকাপ বার্তা!

T20 World Cup 2024: ১৭তম আইপিএলের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। তা নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে প্রায়শই আলোচনা চলছে। এ বার আইপিএলের মাঝে আরসিবির উইকেটকিপার ব্যাটাার দীনেশ কার্তিককে বিশ্বকাপের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Dinesh Karthik: সাবাশ ডিকে, স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের বিশ্বকাপ বার্তা!
Dinesh Karthik: সাবাশ ডিকে, স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের বিশ্বকাপ বার্তা!Image Credit source: BCCI

Apr 12, 2024 | 5:35 PM

কলকাতা: হ্যালো ১, ২, ৩… চেক চেক… মাইক্রোফোন টেস্টিংয়ের এমনটা শোনা যায়। আর স্টাম্প মাইকে? সেখানে যা ধরা পড়ে তাতে বিস্ফোরণ ঘটার জন্য যথেষ্ট। স্টাম্প মাইক বর্তমানে একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। বিশেষত ২২ গজে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে স্টাম্প মাইকে ক্রিকেটারদের একাধিক কথোপকথন কার্যত ভাইরাল হয়েছে। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি (MI vs RCB) ম্যাচে তেমন এক কথোপকথন ভাইরাল হয়েছে। যেখানে রোহিত শর্মা আরসিবির উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিককে (Dinesh Karthik) আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলার কথা বলেছেন। এত সহজ নয় কিন্তু বিষয়টা। তা হলে বিস্তারিত বলা যাক।

দীনেশ কার্তিক ওয়াখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে রোহিত আর চুপ থাকেননি। উইকেটকিপার ঈশান কিষাণের পাশে গিয়ে ডিকের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেন, ‘বিশ্বকাপে খেলতে হবে।’ স্টাম্প মাইকে শোনা যায় রোহিতের কথা। তিনি বলেন, ‘অবশ্যই ওকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার কথা ভাবব। সাবাশ। ওর মাথায় এখন থেকেই বিশ্বকাপই ঘুরছে। সাবাশ ডিকে।’

এর আগে ২০২২ সালের আইপিএলের সময় দীনেশ কার্তিক অনবদ্য পারফর্ম করেছিলেন। আরসিবির একাধিক ম্যাচে তিনি সফল ফিনিশারও হয়েছিলেন। যে কারণে, তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপের কথা ভাবতে পারেননি ভারতীয় নির্বাচকরা। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে দীনেশ কার্তিক ভারতীয় স্কোয়াডে ছিলেন। কিন্তু তাঁকে যে দায়িত্ব পালন করার জন্য ভারতীয় টিমের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, তা পূরণ করতে পারেননি তিনি। এ বারের আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে আরসিবি। তাতে মাত্র ১টি হাফসেঞ্চুরি করেছেন ডিকে। ফলে তিনি যে এ বারের টি-২০ বিশ্বকাপে সুযোগ পাবেন, সে কথা এখনই বলা যাচ্ছে না।

Follow Us