
কলকাতা : বিশ্বকাপে নামার আগে বিরাট ধাক্কা ভারতের। হাতে মাত্র কয়েক ঘণ্টা। কাপ ধরে রাখার লক্ষ্য নিয়ে বাইশ গজে নামতে চলেছে সূর্যকুমার যাদবের দল। যদি পারে, ইতিহাস হবে। এর আগে কোনও আয়োজক দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। সেই ইতিহাসের খোঁজে নামার আগে ভারতীয় ড্রেসিং চাপা টেনশন। চোটের থাবায় আরও এক ক্রিকেটার। শেষ মুহূর্তে কার্যত দল থেকেই বাদ পড়তে চলেছেন তিনি। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচে রানআপে দু’বার পা হড়কে গিয়েছিল তাঁর। তারপর আর বল করতে দেখা যায়নি। সেই হর্ষিত রানাকে ঘিরে অনিশ্চয়তা। তাঁর বদলি কে হতে চলেছেন?
কাল মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করছে ভারত। তার আগে হর্ষিতের ছিটকে যাওয়া টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলেছে। গত এক বছর টিমের সঙ্গে নিয়মিত খেলছেন। খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে, তাতে হর্ষিতের চোট ভালোই লেগেছে। ডাঃ দিনশ পার্দিওয়ালাকে দেখিয়েছেন শুক্রবার সকালে। তখনই চিকিৎসক বুঝে গিয়েছেন, দ্রুত চোট থেকে মুক্তি মিলবে না। তাই তড়িঘড়ি বিকল্প পেসারকে ডাক দেওয়া হয়েছে। হর্ষিতের বদলে টিমে যোগ দিচ্ছেন মহম্মদ সিরাজ। বিশ্বকাপের দল থেকে যিনি বাদ পড়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকেই দলে ডাকা হয়েছে। সিরাজের অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলে।
ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বলেছেন, ‘হর্ষিত টিম থেকে ছিটকে যায়নি। ফিজিও ওকে পর্যবেক্ষণে রেখেছে। তবে পরিস্থিতি খুব একটা ভালো লাগছে না। আমরা দেখছি, কাকে ওর বদলি হিসেবে পাওয়া যেতে পারে। এমন কাউকে নেওয়া হবে, যে গত বছর দুয়েক ভালো বল করছে। পাশাপাশি ব্যাটের হাতটাও ভালো।