
ভারতীয় ক্রিকেটেই শুধু নয়, গত কাল ভারতের রাজনীতিও সরগরম ছিল রোহিত শর্মাকে নিয়ে। কংগ্রেসের এক মুখপাত্র শামা মহম্মদ ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মার চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। রোহিত মোটা, ব্যক্তিত্বহীনও বলেন। এরপরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় সামাকে। নিজের মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে বাধ্য হন। নিজের মন্তব্যকে নানা ভাবে ব্যখার চেষ্টা করেন। তাতে অবশ্য ড্যামেজ কন্ট্রোল হয়নি। নানা রাজনৈতিক ব্যক্তিত্বর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া এবং ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাও কড়া নিন্দা করেছিলেন। দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই এ বিষয়ে মুখ খুলেছেন। এ বার মুখ খুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
রোহিত শর্মাকে মোটা বলা প্রসঙ্গে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, ‘চেহারা নয়, মানসিক শক্তিটাই আসল।’ এখানেই থামেননি তিনি। একটি সাক্ষাৎকারে সুনীল গাভাসকর পরিষ্কার বলছেন, ‘আমি একটা কথাই বারবার বলে থাকি, যদি ছিপছিপে শরীরই চাই, তা হলে মডেলিং কম্পিটিশনে গিয়ে তাদের নিয়ে দল গড়তে হবে। ক্রিকেটটা নিশ্চয়ই তা নয়। ক্রিকেটটা কে কেমন খেলছে, টিমে সুযোগ পাওয়াটা তার উপরই নির্ভর করে।’
সুনীল গাভাসকর আরও যোগ করেন, ‘আমরা অতীতে সরফরাজ খানকে নিয়েও কথা বলেছি। ওজন বেশি থাকায় ভালো পারফরম্যান্সেও সুযোগ পাচ্ছিল না। সেই সরফরাজই যখন টেস্টে দেশের জার্সিতে ১৫০ করে, এরপর আরও দুটো ফিফটি প্লাস স্কোর গড়ে, তা হলে সমস্যা কোথায়? আমার মনে হয় না, শরীরের গঠন ম্যাটার করে। মানসিক কাঠিন্যই আসল। তিনি ব্যাট করতে পারছেন কি না, দীর্ঘ সময় ব্যাটিং করছেন, বড় রান করছেন, আর কী চাই।’
রোহিত শর্মার নেতৃত্বে নানা দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তিন ফরম্যাটেই ঝুরি ঝুরি রান করেছেন। ওয়ান ডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি! গত বছর তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই প্রত্যাশা।