IPL 2025: স্থগিত আইপিএল, বড় সিদ্ধান্ত কাব্যা মারানের সানরাইজার্স হায়দরাবাদের

Indian Premier League: সানরাইজার্স অবশ্য প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। তবে ঘরের মাঠে ম্যাচ থাকলে তাদের সমর্থন প্রচুর থাকে। এ বারও তার অন্যথা হয়নি। কেকেআর ম্যাচ ঘিরেও উন্মাদনা ছিল তুঙ্গে।

IPL 2025: স্থগিত আইপিএল, বড় সিদ্ধান্ত কাব্যা মারানের সানরাইজার্স হায়দরাবাদের
Image Credit source: BCCI

May 09, 2025 | 8:21 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত কাল ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। এরপরই জরুরি বৈঠক বোর্ডের। এদিন সিদ্ধান্ত জানানো হয়েছে। সূচি অনুযায়ী আইপিএলে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসের। পরবর্তী সূচি কী হবে, সে বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড। কাব্যা মারানের সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।

আইপিএলে আগামী কাল অর্থাৎ শনিবার সূচি অনুযায়ী হায়দরাবাদের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচ কবে হবে, তা এখন ঠিক নেই। দুটো টিমেরই আজ সন্ধ্যায় প্র্যাক্টিসে নামার কথা ছিল। দুপুর নাগাদ বোর্ডের তরফে টুর্নামেন্ট সাময়িক স্থগিতের ঘোষণা করা হয়। এরপরই হোম টিম সানরাইজার্স হায়দরাবাদের সিদ্ধান্ত।

সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রচুর ক্রিকেট প্রেমী টিকিট কেটে রেখেছিলেন। যদিও ম্যাচটি হচ্ছে না। সানরাইজার্স হায়দরাবাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, টিকিটের দাম ফেরৎ দেওয়া হবে। সানরাইজার্স অবশ্য প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। তবে ঘরের মাঠে ম্যাচ থাকলে তাদের সমর্থন প্রচুর থাকে। এ বারও তার অন্যথা হয়নি। কেকেআর ম্যাচ ঘিরেও উন্মাদনা ছিল তুঙ্গে। তবে বর্তমান পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

Follow Us