Gautam Gambhir: হঠাৎই মোড় বদল, বিরাটদের কোচ হিসেবে বোর্ডের নজর গম্ভীরে

Team India: রাহুল দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে প্রাথমিক ভাবে ভিভিএস লক্ষ্মণের নাম উঠেছিল। কিন্তু হায়দরাবাদী প্রাক্তন এনসিএর গণ্ডি ছেড়ে এখনই বেরিয়ে আসতে রাজি নন। আর তাই গম্ভীর ঢুকে পড়েছেন ভারতীয় কোচের আবর্তে। তাঁর পক্ষে যাচ্ছে কেকেআরকে সাফল্যের শিখরে তুলে নিয়ে আসা।

Gautam Gambhir: হঠাৎই মোড় বদল, বিরাটদের কোচ হিসেবে বোর্ডের নজর গম্ভীরে
Gautam Gambhir: হঠাৎই মোড় বদল, বিরাটদের কোচ হিসেবে বোর্ডের নজর গম্ভীরেImage Credit source: BCCI

May 22, 2024 | 2:21 PM

কলকাতা: যে হারে ভিড় বাড়ছে, লোকসভা ভোটের প্রার্থীর সংখ্যা ছাপিয়ে যেতে পারে। যাবে না কেন, ভারতীয় ক্রিকেট টিমের (Team India) কোচ হওয়া মানে সারা বিশ্বের নজরে পড়ে যাওয়া। এ সুযোগ কি কেউ ছাড়ে! রিকি পন্টিং থেকে স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, মাহেলা জয়বর্ধনে থেকে হরভজন সিং— নামের যেন ঢল নেমেছে। এমনকি কেউ কেউ এক ধাপ এগিয়ে মহেন্দ্র সিং ধোনির নামও বলতে শুরু করেছেন। ধোনি এখনও প্রাক্তন হননি। হলে কী করবেন, ধোনি নিজেই বলতে পারবেন। তবে তার আগে ভারতীয় ক্রিকেটের হটসিটে বসার জন্য নাম উঠে গিয়েছে ধোনিরই বিশ্বকাপজয়ী দলের অন্যতম মুখের। কে তিনি? তাঁরও পকেটে রয়েছে দু-দুটো বিশ্বকাপ। দু’বার আইপিএল চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন। এখন যাঁর ঠিকানা কলকাতা।

ঠিকই ধরেছেন, দশ বছর পর যিনি কলকাতাকে আবার ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন, যিনি নাইট রাইডার্সকে আইপিএলের ফাইনালে তুলেছেন, সেই গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচ হওয়ার অন্যতম দাবিদার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্ট অবধি রোহিত ব্রিগেডের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পরই ভারতের নতুন কোচ পাওয়া যাবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেড কোচ খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে। বিসিসিআইয়ের নজরে একাধিক প্রাক্তন ক্রিকেটার।

এত কোচের ভিড়ে কেন গম্ভীরের নাম সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে? এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, গম্ভীরের ক্রিকেট বুদ্ধি বরাবর প্রশংসা পেয়েছে বিশেষজ্ঞ মহলের। পরিস্থিতি অনুযায়ী ম্যাচের রাশ ধরতে পারেন। গেম রিডিং অত্যন্ত ভালো। নিজে মহাতারকা হওয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সুপারস্টারদের সামলানোর রেসিপি জানেন। দ্বিতীয়ত, গম্ভীর কোচ হিসেবে যে ক্ষুরধার হতে পারেন, লখনউ সুপার জায়ান্টস, কেকেআরের মেন্টর হয়ে বুঝিয়েছেন। ধীর, স্থির এবং টিমের নিয়ন্ত্রণ মুঠোয় রাখতে পারেন, এমন গুণ বিরল। যা গম্ভীরের মধ্যে অনেকেই দেখেন। তৃতীয়ত, সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের গুরুত্ব দিতে জানেন। তারকা খুঁজে বের করার আশ্চর্য ক্ষমতা রয়েছে গম্ভীরের। যে কারণে দিল্লির তারকাকে কোচ হিসেবে দেখতে চাইছে খোদ বিসিসিআই।

রাহুল দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে প্রাথমিক ভাবে ভিভিএস লক্ষ্মণের নাম উঠেছিল। কিন্তু হায়দরাবাদী প্রাক্তন এনসিএর গণ্ডি ছেড়ে এখনই বেরিয়ে আসতে রাজি নন। আর তাই গম্ভীর ঢুকে পড়েছেন ভারতীয় কোচের আবর্তে। তাঁর পক্ষে যাচ্ছে কেকেআরকে সাফল্যের শিখরে তুলে নিয়ে আসা। শাহরুখ খানের টিমে বিরাট কিছু বদল হয়নি। যাঁরা বছরের পর বছর ধরে খেলছেন, তাঁরাই আছেন। শুধু কেকেআরের মানসিকতা বদলেছেন গম্ভীর। আর তাতেই আইপিএলের ফাইনালে শ্রেয়সের কলকাতা। বোর্ডের এক কর্তা বলেও দিচ্ছেন, ‘এই মুহূর্তে ভারতের কোচ হিসেবে গম্ভীর অত্যন্ত যোগ্য প্রার্থী। বোর্ডও বুঝতে পারছে গম্ভীরের মতো কাউকে কোচ করা হলে টিমের লাভই হবে। আইপিএল ফাইনালের পর ওঁর সঙ্গে আমরা কথা বলব।’

থাকতে পারত একটি ক্ষীণ জটিলতা। যা সম্প্রতি মিটিয়েও নিয়েছেন গম্ভীর। কী জানেন? বিরাট কোহলি এখন আগের মতো ছোট ভাই। গম্ভীরের ভারতীয় টিমের কোচ হওয়া আটকায় কে!

Follow Us