
কলকাতা : রাজস্থানের ঝুনঝুনু গ্রামের নাম আজকের আগে কতজন শুনেছিলেন ? আজ সেই অখ্যাত গ্রামের ছেলে মুকুল চৌধুরী নিজের ব্যাটের মাধ্যমে যেন দলকে জেতালেন না, বিশ্বের দরবারে পৌঁছে দিলেন নিজের গ্রামকে। এই নিয়ে দ্বিতীয় বার আলোর নিচে ব্যাট করলেন তিনি কিন্তু যেভাবে আজ একার হাতেই ইডেনে ফুল ফোটালেন, নিশ্চয়ই এই আইপিএলে একজন তারকা পেয়ে গেল ভারতীয় ক্রিকেট। টানা চার ম্যাচে জয়হীন কেকেআর। এক ম্যাচে নো রেজাল্ট ও ৩ ম্যাচে হার। আজ মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন একজন টেলএন্ডার ব্যাটার। আজ মুকুলের ব্যাটেই ভ্যানিশ হল ‘দুষ্টু’ কেকেআর বোলিং লাইন আপ। কেকেআরের সমর্থকদের কথা ভেবে খারাপ লাগছে। বিয়েবাড়ির উৎসবের প্রস্তুতি নিয়ে যদি শোকসভায় যোগ দিতে হয়, তাহলে তার চেয়ে বড় দুঃখ কিসের ?
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। আজ জলদি আউট হয়ে গেলেন ফিন অ্যালেন। তিনি করলেন মাত্র ৯ রান। ২৪ বলে ৪১ রান করলেন অজিঙ্ক রাহানে। অঙ্গকৃষ রঘুবংশী ধীরে ধীরে নিজের ছাপ ফেলছেন। আজ করলেন ৩৩ বলে ৪৫ রান। আজ রান পেলেন ক্যামেরন গ্রিন। ২৪ বলে ৩২ রানে অপরাজিত গ্রিন। রিঙ্কু সিং করলেন ৭ বলে ৪। শেষে দুর্দান্ত খেললেন রোভম্যান পাওয়েল। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত রইলেন তিনি। অবশ্য ১৩ ওভারে ১১১ রান থেকে কিভাবে যে কেকেআর ১৮১ রানেই পৌঁছল, সেই প্রশ্ন থাকবেই। আজ নিষ্প্রভ রইলেন শামি। ২৭ রান দিলেও পেলেন না কোনও উইকেট। একটি করে উইকেট পেয়েছেন প্রিন্স যাদব, আবেশ খান, দিগবেষ রাঠী ও এম সিদ্ধার্থ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান মিচেল মার্শ (১৫) ও আইডেন মারক্র্যাম (২২)। আজ ব্যর্থ ঋষভ পন্থ (১০)। অর্ধশতরান করলেন আয়ুষ বাদোনি। ৩৪ বলে ৫৪ রান করলেন আয়ুষ। একসময় ম্যাচ হাত থেকে বেরিয়েই গিয়েছিল লখনৌয়ের। ৯৫/৪ থেকে দ্রুত ১২৮/৭ হয়ে গিয়েছিল লখনৌ। কিন্তু সবাই যা চায়, তা পায় না। ইডেন দর্শক ভেবেছিল আজ ম্যাচ জিতে বাড়ি ফিরবেন। সেই সময় ইডেনকে দেখে রীতিমতো দুর্গ মনে হচ্ছিল না। কিন্তু ওই যে কপাল! কোথা থেকে চলে এলেন রাজস্থানের ছেলে মুকুল চৌধুরী। ২৭ বলে ৫৪ রানে অপরাজিতই রইলেন না, একার হাতে হারা ম্যাচ জিতিয়ে ফিরলেন লখনৌকে। মারলেন ২টি চার ও ৭টি ছক্কা। ১২ বলে ৩০ রান প্রয়োজন ছিল। গ্রিন ও বৈভব – দুজনকেই পাড়ার বোলারের পর্যায়ে এনে ফেললেন মুকুল। শেষ বলের থ্রিলারে জয়ী লখনৌ।
প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে নিজের কথা বলছিলেন মুকুল। তাঁর বাবার বিয়ের আগে থেকেই ইচ্ছে ছিল, ছেলে হলে তাকে ক্রিকেটার বানাবেন। এর আগেও রাজ্যস্তরের একটি ম্যাচে একার হাতে দলকে জিতিয়েছেন মুকুল। আজ আইপিএলের মতো বিশ্বমঞ্চে জেতালেন লখনৌকে। প্রমাণ করলেন, কেন আইপিএলের আই-য়ের অর্থ ইনক্রেডিবল !