AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy Final : রঞ্জি ফাইনালে নজিরবিহীন ঘটনা! বিপক্ষ ক্রিকেটারকে ঢুঁসো মারলেন জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন!

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জম্মু। আজ সকালে তাদের ইনিংসের ১০১তম ওভারে ঘটে এই ঘটনা। প্রসিদ্ধ কৃষ্ণার বল খেলেই ফরোয়ার্ড শর্ট লেগের ফিল্ডার অনীশের দিকে তেড়ে যান পরশ। দুজনকেই উত্তপ্ত হয়ে কিছু বলতে শোনা যায়। আচমকাই পরশ ঢুঁসো মারেন অনীশকে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রাহুল, দেবদত্তরা।

Ranji Trophy Final : রঞ্জি ফাইনালে নজিরবিহীন ঘটনা! বিপক্ষ ক্রিকেটারকে ঢুঁসো মারলেন জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন!
Image Credit: Getty Images, X
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 8:28 PM
Share

কলকাতা : ২০০৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল আজও চর্চা কমেনা ফুটবলপ্রেমীদের মধ্যে। টাইব্রেকার ছাপিয়ে চর্চায় উঠে আসে মাতেরাজ্জিকে মারা জিদানের ঢুঁসো। অনেকের মতে, জিদানের সেই ঢুঁসো মেরে লাল কার্ডই বিপাকে ফেলে দেয় ফ্রান্সকে। এবার সেই ঘটনা ঘটল ক্রিকেটেও। রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে কর্ণাটক ও জম্মু কাশ্মীর। ম্যাচ চলাকালীন কর্ণাটক ফিল্ডার কেভি অনীশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জম্মু অধিনায়ক পরশ ডোগরা। আচমকা অনীশকে ঢুঁসো মেরে বসেন পরশ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জম্মু। আজ সকালে তাদের ইনিংসের ১০১তম ওভারে ঘটে এই ঘটনা। প্রসিদ্ধ কৃষ্ণার বল খেলেই ফরোয়ার্ড শর্ট লেগের ফিল্ডার অনীশের দিকে তেড়ে যান পরশ। দুজনকেই উত্তপ্ত হয়ে কিছু বলতে শোনা যায়। আচমকাই পরশ ঢুঁসো মারেন অনীশকে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রাহুল, দেবদত্তরা। আম্পায়ারের হস্তক্ষেপে অবশেষে থামেন দুই জন। ওভার শেষে পরশ ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অনীশের কাছে। কিন্তু তা মানতে চাননি অনীশ। তিনি যে স্পষ্টত খুশি নয়, তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল। অনীশকে ঢুঁসো মেরে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা দিতে হল পরশকে। দিনের শেষে পরশ বলেছেন,”ওটা মুহূর্তের উত্তেজনায় হয়ে গিয়েছে। ঘটনাটা খুব সাময়িক ছিল। দু-একবার এমন কেস হতেই পারে। তাও ফাইনালের মতো ম্যাচে।”

দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে জম্মু। তাদের স্কোর ৫২৭/৬। শুভম পুন্ডির করেছেন ১২১। অধিনায়ক পরশ ও উইকেটরক্ষক কানহাইয়া, দুজনেই ৭০ রান করেছেন। ৬১ রান করেছেন আব্দুল সামাদ। আপাতত ক্রিজে সাহিল লথরা (৫৭ ব্যাটিং) ও আবিদ মুস্তাক (২০ ব্যাটিং)। এই ম্যাচ জিতলে প্রথমবার ফাইনাল খেলেই চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়বে জম্মু। তার আগেই এই হেডবাট যেন মনে করাল জিদানের সেই কুখ্যাত অপকর্মকে।