
লাহোর: মিনি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল যে হাইস্কোরিং হবে, তা নিয়ে ক্রিকেট মহলে আগেভাগেই আলোচনা হচ্ছিল। খাতায়-কলমে যখন ম্যাচের সময় এল, ঠিক সেটাই হল। লাহোরের ব্যাটিং সহায়ক পিচে কিউয়ি ব্যাটারদের এগিয়ে রাখা হয়েছিল। তাঁদের পারফরম্যান্সেও সেটাই ফুটে উঠল। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের (South Africa) সামনে রানের পাহাড় খাড়া করল নিউজিল্যান্ড (New Zealand)।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ৭.৫ ওভারে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন লুনগি এনগিডি। ২৩ বলে ২১ রান করে মাঠ ছাড়েন ওপেনার উইল ইয়ং। এরপর দ্বিতীয় উইকেটে জমাট পার্টনারশিপ রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের। সেই ৩৪তম ওভারে গিয়ে রাচিন-কেনের জুটি ভাঙেন রাবাডা। ততক্ষণে কিউয়িদের বাঁ হাতি ব্যাটার রাচিনের সেঞ্চুরি হয়ে গিয়েছে। এটি তাঁর এই টুর্নামেন্টে দ্বিতীয় শতরান। ১০১ বলে রাচিন ১০৮ করে আউট হন। এরপর ৪০তম ওভারের পঞ্চম বলে আউট হন কেন উইলিয়ামসন। তিনি ৯৪ বলে ১০২ রান করেন।
তারপর পঞ্চম উইকেটে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস মিলে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন। মিচেল আউট হওয়ার পর ফিলিপস জুটি বাঁধেন ব্রেসওয়েলের সঙ্গে। ওই জুটিতে ওঠে ৪৬ রান। ৪৯ অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফিলিপস। তাঁর সঙ্গে ২ রানে নট আউট মিচেল স্যান্টনার। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ৩টি উইকেট নেন লুনগি এনগিডি। ২টি উইকেট কাগিসো রাবাডার। ১টি উইকেট উইয়ান মুল্ডারের। সবচেয়ে বেশি ৭৯ রান খরচ করেছেন মার্কো জ্যানসেন। তবে পাননি কোনও উইকেট।
ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলতে হলে প্রোটিয়াদের আজ তুলতে হবে ৩৬৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে ৩৬২ রান করার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। এই তালিকায় শীর্ষে ছিল এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার করা ৫ উইকেটে ৩৫৬ রান। ২২ ফেব্রুয়ারি লাহোরেই এই রেকর্ড গড়েছিল অজিরা। এ বার দেখার প্রোটিয়ারা এই রেকর্ড রান তাড়া করে ফাইনালের টিকিট পায় কিনা।