IND vs ENG: টস হারের হ্যাটট্রিক রোহিতের, সামি-জাডেজা বিশ্রামে; কেমন হল ভারতের একাদশ?

India vs England, 3rd ODI: নাগপুর, কটকের পর আমেদাবাদে জস বাটলারদের হারাতে মরিয়া রোহিত শর্মার ভারত। পরপর ২টো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ দেখার নিয়মরক্ষার ম্যাট জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ ভারত দিতে পারে কিনা।

IND vs ENG: টস হারের হ্যাটট্রিক রোহিতের, সামি-জাডেজা বিশ্রামে; কেমন হল ভারতের একাদশ?
ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার।Image Credit source: PTI

Feb 12, 2025 | 1:44 PM

কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজে হারাতে পারলে মেন ইন ব্লুর আত্মবিশ্বাস বাড়বে। নাগপুরের পর কটকে পরপর ২টো ম্যাচ জিতে সিরিজ মুঠোয় ভরে ফেলেছে টিম ইন্ডিয়া। ফলে আজ, বুধবার জস বাটলারদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নিয়মরক্ষার ম্যাচ। নাগপুরে সেঞ্চুরি মিস করেছিলেন শুভমন গিল। কটকে ভারতের প্রাপ্তি রোহিত শর্মার সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখন কার্যত একটাই প্রার্থনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরুন বিরাট কোহলি। আমেদাবাদে কি কোহলির ব্যাটে রানের ঝলক মিলবে? এই সিরিজে পরপর ৩টে ম্যাচে টস হেরেছেন রোহিত শর্মা। তৃতীয় ম্যাচেও টস জিতলেন জস বাটলার। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এ বার রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন বাটলার।

টসের পর ইংল্যান্ডের ক্যাপ্টেন জানান, একাদশে আজ একটাই পরিবর্তন। জেমি ওভার্টনের জায়গায় এসেছেন টম ব্যান্টন। আর ভারতের একাদশে আজ তিন বদল। রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বরুণ চক্রবর্তীর কাফ মাসেলে সমস্যা রয়েছে। ফলে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিংকে দেখা যাবে আমেদাবাদে।

পরপর ২টো ম্যাচ শুরুতে ব্যাটিং করেছে ইংল্যান্ড। আজ সে পথে হাঁটছেন না বাটলাররা। টসের পর তিনি বলেন, ‘আমরা প্রথমে আজ বোলিং করব। সিরিজের প্রথম ২টো ম্যাচে আমরা আগে ব্যাটিং করেছি, ফলে আজ বোলিং করলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা আলাদা অভিজ্ঞতা হবে। উইকেট ভালোই দেখাচ্ছে। আমরা এখানে কয়েক বছর আগে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছি। কালো মাটির পিচ। মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে পিচ আরও ভালো হবে।’

টসের পর রোহিত শর্মা বলেন, ‘আমি প্রথমে ব্যাটিং করতে চাইছিলাম। কারণ প্রথম ২টো ম্যাচে আমরা আগে বোলিং করেছি। আমাদের জন্য সিরিজের শেষ ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। দলে তরুণ প্লেয়াররা রয়েছে। শেষ ২টো ম্যাচে ফিল্ডিংয়ে সকলেই ছাপ রাখার চেষ্টা করেছে। দলের তরুণদের এই ক্রিকেট যাত্রা শুরু। ফলে চাপ সরিয়ে রেখে ওদের খেলাটা উপভোগ করতে হবে।’

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিং।

ইংল্যান্ডের একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, গাস আটকিনসন, মার্ক উড, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, অঙ্গদান করে জীবন বাঁচানো নিয়ে প্রচার চালানো হবে আমদাবাদে হতে চলা ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচে। এ বার দুই দলের ক্রিকেটাররা এই কাজের প্রচারে নিজেদের হাতে সবুজ রংয়ের আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us